বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ‘সেরা গীতিকার’ বিভাগে সম্মাননা অর্জন করেছেন বিশিষ্ট গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদ। মাগুরায় নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো আট বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে লেখা তার কালজয়ী গান ‘মাগুরার ফুল’-এর জন্য তিনি এ মর্যাদাপূর্ণ পুরস্কারটি পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। এবার ‘সেরা গীতিকার’ বিভাগে মাহবুবুল খালিদের সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন আইদিদ রশিদ, ইমন চৌধুরী, হাশিম মাহমুদ, ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভর মতো জনপ্রিয় গীতিকাররা।
গত বছরের ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল শিশু আছিয়া। ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সেই গভীর শোক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই মাহবুবুল খালিদ রচনা ও সুর করেন ‘মাগুরার ফুল’, যাতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।
চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানটির মিউজিক ভিডিও ‘খালিদ সংগীত’ প্লাটফর্মে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলে। উল্লেখ্য, মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরে তার এই প্লাটফর্মের মাধ্যমে মানবিক সংকট ও সচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করছেন, যেখানে এরই মধ্যে তার লেখা পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে।









