চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরপর দুই সন্ধ্যায় নাটকের প্রদর্শনী করছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ৭টায় স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন...’ এবং আগামীকাল শনিবার একই সময়ে গ্রিক নাট্যকার সফোক্লিসের কালোত্তীর্ণ ট্র্যাজেডি ‘অয়দিপাউস’ মঞ্চস্থ করবে দলটি।

‘ওয়েটিং ফর গডো’ অনুবাদ করেছেন কবীর চৌধুরী। দুজন মানুষের অনন্ত অপেক্ষা কোনো এক ছোট্ট আশার জন্য, এ যেন গোটা মানবসমাজের প্রতীক্ষা। বেকেটের ভিন্নধর্মী এই নাটকে কিছুই না ঘটার ভেতর দিয়ে ঘটতে থাকে দুজন মানুষ সৃষ্ট নানান অদ্ভুত সব কাণ্ড। এটি ফেইমের ২৬তম প্রযোজনা।

সফোক্লিসের বিখ্যাত নাটকটি নেওয়া হয়েছে সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষের অনুবাদ থেকে। নিয়তির নিষ্ঠুর ছকে রাজা অয়দিপাউসের করুণ পরিণতি ফেইম তুলে এনেছে। এটি দলের পঞ্চম প্রযোজনা।

দুটি নাটকেরই ডিজাইন, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) প্রাক্তনী এবং ফেইম পরিচালক অসীম দাশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক।