ক্যালিফোর্নিয়ার কোচেলা উপত্যকায় প্রতি বছর অনুষ্ঠিত হয় আমেরিকান শিল্প ও সাহিত্যের মর্যাদাপূর্ণ আসর ‘কোচেলা ফেস্টিভ্যাল’। গত বছর এ উৎসবে প্রথম পাকিস্তানি হিসেবে গান পরিবেশন করে খবরের শিরোনাম হয়েছিলেন আরুজ আফতাব। সে ধারাবাহিকতায় এ বছর পারফরমারদের তালিকায় যুক্ত হলেন আরেক পাকিস্তানি গায়ক আলী সেঠি।

মঙ্গলবার আলী তার ইনস্টাগ্রামে কোচেলা উৎসবের অফিশিয়াল সময়সূচি শেয়ার করেন। এর সঙ্গে লেখেন, ‘‌আজাও সারে (সবাই চলে আসো)। ১৩ জানুয়ারি শুক্রবার পাকিস্তানি সময় বেলা ১১টা থেকে কোচেলা প্রি-সেল শুরু হয়েছে। এখনই কোচেলা ডট কম-এ নিবন্ধন কর।’

শেয়ার করার সঙ্গে সঙ্গেই ইতিবাচক মন্তব্যে উপচে পড়ে কমেন্ট বক্স। সাড়া পড়ে পাকিস্তানের শিল্পাঙ্গনে। গায়িকা আইমা বেগ ‘ওএমজি’ লিখে তার অভিব্যক্তি প্রকাশ করেন। তালাল কুরেশী প্রশংসা করেন ‘মাশাআল্লাহ’ বলে। অভিনেতা আদনান মালিক ও চিত্রশিল্পী সালমান তুর দেন তিনটি ফায়ার ইমোজি। বিবিসি রেডিও হোস্ট হারুন রশিদ কমেন্ট করেন— ‘ইনক্রেডিবল’। 

আলী সেঠির শেয়ার করা পোস্টারটিতে দেখা যায়, কোচেলা উৎসবকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ আগামী ১৪ ও ২১ এপ্রিল। এ ভাগের প্রধান আকর্ষণ পুয়ের্তো রিকোর র‍্যাপার ব্যাড বানি। এছাড়া গরিলাজ, বার্না বয়, কেমিক্যাল ব্রাদার্স, ব্লন্ডি, বেকি জি, মেট্রো বুমিনসহ অনেক নাম আছে পারফরমারদের তালিকায়। দ্বিতীয় ভাগ আগামী ১৫ ও ২২ এপ্রিল। দক্ষিণ কোরীয় ফিমেল ব্যান্ড ব্ল্যাক পিংক এ ধাপে পারফর্ম করবে। তালিকায় আরো আছে রোজালিয়া, ল্যাবরিন্থ, আন্ডারওয়ার্ল্ড ইত্যাদি নাম। শেষ ভাগ আগামী ১৬ ও ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ভাগের পারফরমারদের তালিকায় প্রথমেই আছে আমেরিকান গায়ক-গীতিকার ফ্রাঙ্ক ওশানের নাম। এ ভাগেই দর্শক-শ্রোতারা উপভোগ করবেন আলী সেঠির গান।


সূত্র: ডন