তারা একসঙ্গে শেষ কাজ করেছিলেন সত্যগ্রহতে। তা সেই সাত বছর আগের কথা। আবার একসঙ্গে কাজ করবেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন। ‘বিগ বি’
কাজ করবেন অজয় দেবগনের পরিচালনায়।
‘মেজর সাব’
ছবিটি অনেক দর্শকের হয়তো স্মরণে আছে। এরপর খাকি, সত্যগ্রহ। অমিতাভ ও অজয় দেবগন জুটির ছবিগুলো দর্শক টেনেছে। এবার তাদের পর্দায় দেখা যাবে ‘মে ডে’
ছবিতে। বলা হচ্ছে এটা হবে দারুণ রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত ছবি।
পিংকভিলা জানিয়েছে, ‘ছবিটি পরিচালনার পাশাপাশি মুখ্য চরিত্রেও দেখা যাবে অজয় দেবগনকে।’
একসঙ্গে এর আগে কাজ করলেও এবারই প্রথম অজয়ের পরিচালনায় অভিনয় করবে বিগ বি। ছবির চিত্রনাট্য তৈরি হওয়ার সময়ই অজয়ের প্রথম পছন্দ ছিলেন অমিতাভ। মে ডে ছবির নির্দিষ্ট চরিত্রটিতে তিনি শুধু অমিতাভ বচ্চনকেই দেখতে চেয়েছেন। অন্যদিকে ছবির গল্প অমিতাভ বচ্চনেরও পছন্দ হয়েছে এবং তিনি অজয়ের ছবিতে অভিনয়ে রাজি হয়ে গেছেন।
মে ডে ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রটি সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে অজয় দেবগনকে ছবিতে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে। তবে বিগ বির চরিত্রটি কঠোরভাবে গোপনীয় রাখা হয়েছে। ছবির অন্য অভিনয়শিল্পীরা এখনো চূড়ান্ত হননি।
ছবিটি প্রযোজনা করছে অজয় দেবগনের দেবগন এফফিল্মস। হায়দরাবাদে আগামী ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে। অর্থাৎ অজয় তার ছবি ভুজ ও অমিতাভ বচ্চন তার কৌন বনেগা ক্রোড়পতির শুটিং শেষ করার পরই তারা যোগ দেবেন মে ডে ছবির কাজে।
অজয়ের শেষ ছবি তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পায়। এবার অজয় ও বিগ বি জুটি নতুন কী চমক দেখাবে তার অপেক্ষা।
সূত্র: পিংকভিলা










