শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৫তম আসর। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গামী চলচ্চিত্র নির্মাতাদের উৎসবটিতে এ বছর ৯৬টি দেশের তরুণ নির্মাতাগণ অংশগ্রহণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংসদের জনসংযোগবিষয়ক সম্পাদক নাফিসা জামান বনি। বণিক বার্তাকে তিনি জানান, গত আগস্টের মাঝামাঝি চলচ্চিত্র প্রতিযোগিতায় চলচ্চিত্র জমাদান পর্ব শুরু হয়ে ১০ অক্টোবর শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় চারটি ক্যাটগরিতে (কম্পিটিশন, ওয়ান মিনিট শর্ট, প্যানারোমা ও ওয়ান আর্থ শর্টফিল্ম) বিশ্বের ৯৬টি দেশ থেকে ১ হাজার ৬৭১টি চলচ্চিত্র জমা পড়েছে। গত আসরে ৯১টি দেশের ১ হাজার ১৪১টি চলচ্চিত্র জমা পড়েছিল।
চলচ্চিত্র সংসদের সভাপতি তীর্থ প্রতিম দাস বণিক বার্তাকে বলেন, ‘এবারের আসরে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে আমরা যে ব্যাপক সাড়া পেয়েছি, তা ভবিষ্যতে আমাদের আরো উৎসাহিত করবে এবং জমাকৃত চলচ্চিত্রের এ সংখ্যাই প্রমাণ করে যে এ উৎসব বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাছে নিজেকে একটি আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।’
বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ দেয়া ও তাদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল থেকে প্রতি বছর এ উৎসবের আয়োজন করে আসছে।
আয়োজকরা জানান, উৎসবের মূল আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ২০ অক্টোবর শীর্ষ ২০০টি চলচ্চিত্রের তালিকা ঘোষণা করা হবে। নির্বাচিত সেরা ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে দেশের সাতটি বিভাগের (সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, ঢাকা) ১০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এছাড়া বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।










