দীর্ঘ আইনি জটিলতা ও বিরতির পর এ ফ্র্যাঞ্চাইজিতে তার ফিরে আসা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহাইমার।
এক সাক্ষাৎকারে ব্রুকহাইমার বলেন, ‘ডিজনি ও প্রযোজনা দল ডেপের সঙ্গে এ নিয়ে আলোচনা করছে। একই সঙ্গে নতুন সিনেমার চিত্রনাট্য তৈরির কাজও এগিয়ে চলছে। তবে এখনো ডেপের প্রত্যাবর্তন চূড়ান্ত হয়নি।’
এর আগে ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের সময় ডেপ জানিয়েছিলেন, ডিজনি তাকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দিয়েছে।
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমায় প্রথমবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেন জনি ডেপ, যা দ্রুতই তার ক্যারিয়ারের অন্যতম পরিচিত ও জনপ্রিয় চরিত্রে পরিণত হয়। সিনেমাটিতে আরো অভিনয় করেন কিইরা নাইটলি, অরল্যান্ডো ব্লুম ও জিওফ্রে রাশ। বিশ্বব্যাপী সিনেমাটি ৬৫ কোটি ডলারের বেশি আয় করে।
এরপর ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির আরো চারটি সিনেমা মুক্তি পায়। সব মিলিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজ বিশ্বব্যাপী ৪৫০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। এর মধ্যে দুটি সিনেমা—‘ডেড ম্যানস চেস্ট’ ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’—বিশ্বব্যাপী ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান









