ওয়ার্নার ব্রস তার হংকংয়ের ভক্তদের দারুণ উপহার দিতে যাচ্ছে। তারা ঘোষণা দিয়েছে ক্রিস্টোফার নোলানের বিখ্যাত ছবি দ্য ডার্ক নাইট ট্রিলজি সীমিত সময়ের জন্য হংকংয়ে নতুন করে মুক্তি দেয়া হবে। উল্লেখ্য সম্প্রতি হংকংয়ের সিনেমা হলগুলো নভেল করোনাভাইরাস ঠেকাতে জারি করা লকডাউন শেষে সতর্কসাপেক্ষে খুলে দেয়া হয়েছে।
দ্য ডার্ক নাইট ট্রিলজি আইম্যাক্সসহ হংকংয়ের বাছাই করা কিছু সিনেমা হলে মুক্তি দেয়া হবে। অন্যদিকে নোলানের নতুন ছবি টেনেট ১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর তার ঠিক আগেই হংকংয়ের দর্শকদের জন্য ওয়ার্নার ব্রস নতুন করে হলে মুক্তি দেবে দ্য ডার্ক নাইট ট্রিলজির তিনটি ছবি।
ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট ট্রিলজির ব্যাটম্যান বিগিনস(২০০৫) মুক্তি পাবে ৪ জুন, দ্য ডার্ক নাইট (২০০৮) ১১ জুন ও দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২) ১৮ জুন।
অন্যদিকে এ মাসের শুরুতে ওয়ার্নার ব্রস হংকংয়ে দ্য ম্যাট্রিক্সও নতুন করে মুক্তি দিয়েছে।
সূত্র: হলিউড রিপোর্টার










