র‌্যাপার হিসেবে এমিনেমের জনপ্রিয়তা সর্বব্যাপী। পপ তারকাদের মধ্যে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয়। সম্প্রতি তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মূলত গুগল সার্চে এমিনেমের মৃত্যুর তারিখ দেখানো হয় ১০ ডিসেম্বর। গুগলে এমিনেম লিখে সার্চ করলে দেখানো হচ্ছিল ‘মৃত্যু: ১০ ডিসেম্বর ২০২৩, ম্যাডিসন, উইসকনসিন।’ এ তথ্য দেখার পর পরই তার ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়। হঠাৎ কেমন করে তিনি মারা গেলেন তা নিয়ে শুরু হয় আলোচনা এবং কিছুক্ষণের মধ্যেই জানা যায় এটি তথ্যের ভুল।

উইকিপিডিয়ায় এমিনেমের তথ্য সম্পাদনা করে তার মৃত্যুর তারিখ বসানো হয়েছিল। কিন্তু এটি অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত তা এখনো জানা যায়নি। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিয়ে পোস্ট করে ‘পপ বেজ’ নামে একটি অ্যাকাউন্ট। তারা আরো জানায়, উইকিপিডিয়ায় এ তথ্য আপলোড করার পর গুগল সার্চে এমিনেমের মৃত্যু নিয়ে নানা ধরনের গুজব দেখা যাচ্ছে। এরপর এ নিয়ে তার ভক্তরা ক্ষোভ প্রকাশ শুরু করেন। পাশাপাশি এক্স ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার দাবি জানান।

পরবর্তী সময়ে উইকিপিডিয়া এডিট করে বিষয়টি ঠিক করা হয়। কিন্তু এর মধ্যে এমিনেমের মৃত্যু নিয়ে বহু কথাই হয়ে গেছে। মজার ব্যাপার, এমিনেমের মৃত্যুর গুজব এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এ রকম গুজব উঠেছিল। তার মধ্যে ২০০৬ সালে একটি কথা উঠেছিল যে এমিনেম হিসেবে যাকে দেখা যাচ্ছে সে মূলত এমিনেম নন। আসল এমিনেমের ক্লোন করা হয়েছে এবং তাকেই দেখা যাচ্ছে। আমেরিকান সংগীতশিল্পী এমিনেমের আসল নাম মার্শাল ব্রুস ম্যাথার্স। তার জন্ম ১৯৭২ সালে। 

সূত্র: ইয়ন