ভারতের গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩-এ তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশী চলচ্চিত্র ‘মেঘের কপাট’। ১ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতায় মেঘের কপাট চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক আফরোজা মোমেনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশী চলচ্চিত্র) ও রাজকাপুর পুরস্কার জিতেছে সিনেমাটি। তৃতীয়বারের মতো ড্রিমজ কালচারাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে ৪০০টির বেশি চলচ্চিত্র অংশগ্রহণ করেছিল।

কলকাতার মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটরিয়ামে ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতের গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এ বছর কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাজ কাপুরের শততম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে বাংলাদেশী চলচ্চিত্র মেঘের কপাটসহ তিনটি চলচ্চিত্রকে ‘রাজকাপুর অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছে। এ প্রসঙ্গে মেঘের কপাট চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘‌ভারতের গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩-এ মেঘের কপাট মুক্তির এক মাস শেষ হওয়ার দুদিন আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার অর্জন আমার জন্য অনেক বেশি আনন্দের সংবাদ। বিশেষ করে একই চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে উৎসবে সারা বিশ্ব থেকে আগত পরিচালক-প্রযোজকদের মাঝে বাংলাদেশের নাম বিশেষভাবে আলোচিত হয়েছে, যেটা আমাদের জন্য গৌরবের। পুরস্কার তিনটি আমি মেঘের কপাট চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি উৎসর্গ করছি। এ প্রাপ্তি আমাকে অনুপ্রেরণা দিয়েছে সামনে আরো ভালো কিছু করার জন্য।’

সিনেমাটি নিয়ে নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‘মেঘের কপাট চলচ্চিত্রে প্রেম, সংগীত, নিখাদ ভালোবাসা আর সুরে মগ্ন থাকবে দর্শক। চলচ্চিত্রের গল্পেও রয়েছে নতুনত্ব।’ এছাড়া নির্মাতা জানান, শিগগির ঢাকার বাইরে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

গত ৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেঘের কপাট। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরো অনেকে। সম্প্রতি বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয়েছে রাকিব হোসেন ইভনের। এবার মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা মেঘের কপাট।

মেঘের কপাট সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন। পরিচালনার পাশাপাশি আফরোজা মোমেনের গল্পে এ সিনেমার চিত্রনাট্য ও গীত রচনা করেছেন নির্মাতা নিজেই। সিনেমাটি শুটিং করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে।