মুক্তির দিন ঘনিয়ে আসছে দক্ষিণী পরিচালক প্রশান্ত নীলের চলচ্চিত্র ‘‌সালার পার্ট ওয়ান-সিজফায়ার’-এর। লাখো ভক্তের মতো অপেক্ষায় রয়েছেন প্রভাসও। ‘‌বাহুবলী’খ্যাত এ অভিনেতার দাবি, সম্পূর্ণ ভিন্ন এক প্রভাসকে দেখা যাবে সালারে। ভিন্ন ধাঁচের এ গল্পে মূলত কাল্পনিক শহর খানসারের ক্ষমতার রাজনীতি তুলে আনা হয়েছে। প্রভাস রয়েছেন দেবা চরিত্রে আর বন্ধু ভরদ্বাজের চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমায় দেবা একা হাতে প্রতিশোধ নেয়, স্বাভাবিকভাবেই এসেছে অ্যাকশন দৃশ্য। সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দৈনিক ভাস্করে নিজের অনুভূতি তুলে ধরেন প্রভাস। সালারের জন্য তাকে দীর্ঘ সময় নিয়ে তৈরি হতে হয়েছে। তার কথায়, ‘‌দর্শক আমাকে এমন কোনো চরিত্রে আগে দেখেনি। নতুন রূপে নিজেকে পর্দায় হাজির করতে পেরে আমি উত্তেজিত।’ 

২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সালার। এর মুক্তিকে কেন্দ্র করে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছিল ১ ডিসেম্বর। অ্যাকশন সিনের কারণে এর মধ্যেই আলোচনা তৈরি হয়েছে, সিনেমাটি বেশি সহিংস হয়ে যাবে কিনা। কিন্তু প্রভাস আশ্বস্ত করেছেন ভক্তদের। তার মতে, সালারের কোনো দৃশ্যই দর্শকের কাছে সহিংস মনে হবে না, কারণ সহিংস সিনের পেছনেও একটা আবেগপূর্ণ গল্প রয়েছে। এমনকি বাহুবলী একটি সহিংস সিনেমা ছিল। সেখানে আমি একাই ১০০ মানুষ মেরেছি। কিন্তু শিশুরাও সে সিনেমাটি দেখেছে এবং ভালোবেসেছে। যখন কোনো সিনের পেছনে যথাযথ আবেগপূর্ণ গল্প থাকে না, তখনই তাকে সহিংস সিন বলা যেতে পারে। সে দিক থেকে সালারের একটি অর্থপূর্ণ গল্প রয়েছে।’ 

সাক্ষাৎকারে প্রভাস সালারের পরিচালক প্রশান্ত নীল সম্পর্কেও প্রশংসা করেন। তার সঙ্গে কাটানো সময়গুলোকে উপভোগ্য ছিল বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘‌আমি ও প্রশান্ত শুটিং চলার সময় বডি লেঙ্গুয়েজ নিয়ে কথা বলতাম। এমন কিছু খোঁজার চেষ্টা করতাম, যেটা আমার চরিত্রের সঙ্গে যায়। তিনি আমার পরামর্শ শুনতেন। একজন দুর্দান্ত পরিচালক তিনি। সেটের বাইরেও আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটাতে চাইতাম। আর এজন্যই এক মাসের মধ্যেই আমাদের মধ্যে গভীর বোঝাপড়া তৈরি হয়েছে। এখানে আর কোনো প্রকার পেছনে তাকানোর বিষয় নেই।’ 

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস