ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষায় ‘রাজকুমার’। সিনেমার যাত্রা শুরু হলো বৃহস্পতিবার। সন্ধ্যায় প্রকাশ হয় এ সিনেমার টাইটেল সং ‘রাজকুমার’। আসিফ ইকবালের লেখা আকাশ সেনের সুরে এ গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। প্রকাশের পর পরই গানটি দর্শকের মধ্যে আলোড়ন তুলেছে। গানটি ফেসবুক পেজে এরই মধ্যে ২০ লাখেরও বেশি ভিউ পেয়েছে। এছাড়া গানটি ‘ভার্সেটাইল মিডিয়া’ ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে। সেখানেও দর্শক শ্রোতারা ইতিবাচক মন্তব্য করছেন।
রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কোর্টনি কফি। এ গান প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘এ গানের কথা ও সুর যেদিন আমি প্রথম শুনি, আমার কাছে সেদিনই মনে হয়েছিল যে এ গান শ্রোতা দর্শকের ভালো লাগবে। হলোও কিন্তু ঠিক তাই। মাত্র তো মাঝে একটা দিন অতিবাহিত হলো। আমার বিশ্বাস সময় যত যাবে এ গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালো লাগা আরো বাড়তে থাকবে। বিশ্বব্যাপীই ছড়িয়ে যাবে এ গান।’
রাজকুমার গানের সাড়া পাওয়া প্রসঙ্গে কোনাল বলেন, ‘মাত্র তো কিছুটা সময় পার হলো, তাতেই যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে মুগ্ধ আমি। আর আমি সবসময়ই সহজ-সরল কথার মনের মতো সুরের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তাতে শ্রোতা-দর্শক গানের সঙ্গে সহজেই রিলেট হতে পারেন, গানটিও শ্রোতাপ্রিয় হয়ে ওঠে। প্রিয়তমার পর রাজকুমার—দুটো গানের সঙ্গেই নিজের সম্পৃক্ততা, এটা সত্যিই অনেক ভালো লাগার। ধন্যবাদ আরশাদ আদনান ভাইসহ রাজকুমারের পুরো টিমকে।’










