রায়হান রাফীর নতুন সিনেমা ‘দামাল’ মুক্তি
পেতে যাচ্ছে ২৮ অক্টোবর। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র
করে আবর্তিত হয়েছে ‘দামাল’–এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয়
করেছে তারা। ইতিহাসের এ অংশ উঠে আসবে ছবিতে।
আজ দুপুরে সামাজিক মাধ্যমে দুটি ছবি শেয়ার
করে রাফী জানান, ‘দামাল’ মুক্তি পাবে ২৮ অক্টোবর। শিগগিরই বিস্তারিত তথ্য জানাবে প্রযোজনা
প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
সপ্তাহ খানেক আগে ‘দামাল’ বিনা কর্তনে সেন্সর
ছাড়পত্র পেয়েছে। ওই সময়ই নির্মাতা জানিয়েছিলেন, অক্টোবরে সিনেমাটি মুক্তি দিতে চান।
ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে ছবিটির
চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম
আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।
‘দামাল’ রাফীর চতুর্থ ছবি। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া এ নির্মাতার ‘পরাণ’ এখনো প্রেক্ষাগৃহে চলছে। এ ছাড়া দর্শকের সামনে আসার অপেক্ষায় আছে আরিফিন শুভ ও ঐশী অভিনীত ‘নূর’।










