আবার আসছে ফেলুদা। কিংবদন্তি এ বাঙালি গোয়েন্দা চরিত্রটিকে এবার নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। তবে বড় পর্দায় নয়, এবার ফেলুদা আসছেন হালের ক্রেজ ওয়েব দুনিয়ায়। তোপসে, জটায়ুকে সঙ্গী করে প্রথমে ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর রহস্যের সমাধান করবেন ফেলুদা। এবার ফেলুদা হয়েছেন টোটা রায়চৌধুরী। গতকাল প্রকাশ্যে এল এর প্রথম পোস্টার।

১৯৬৫ সালের ডিসেম্বরে ‘সন্দেশ’ পত্রিকায় সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। তার পর থেকে বাঙালি পাঠকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন প্রদোষ চন্দ্র মিত্র, তার সঙ্গী তপেশরঞ্জন ও এক এবং অদ্বিতীয় জটায়ু। স্রষ্টা সত্যজিৎ রায়ের হাত ধরেই সিনেমার পর্দায় উঠে এসেছিল ফেলুদা। পাঠক থেকে দর্শকের মনেও হাজির হন ফেলুদা। পরিচালক সত্যজিতের ফেলুদা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর একে একে সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়কে দেখা গেছে ফেলুদার চরিত্রে।

গত বছর পরিচালক সৃজিত মুখার্জি ফেলুদাকে ওয়েব দুনিয়ায় ফেরত আনার দায়িত্ব নিয়েছিলেন। এটাই তার তৈরি প্রথম ওয়েব কনটেন্ট। ফেলুদা ফেরতের জন্য দুটি গল্প বাছা হয় ১২ পর্বের সিরিজের জন্য—‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’।

ফেলুদা ফেরত সিরিজে ‘ছিন্নমস্তার অভিশাপ’ কাহিনীতে ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরী ছাড়াও তোপসের চরিত্রে দেখা যাবে কল্পন মিত্রকে। জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী। মহেশ চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। বীরেন চৌধুরী বা কারাণ্ডিকার চরিত্রে অভিনেতা ঋষি কৌশিক। ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ উত্পল দত্ত অভিনীত মগনলাল মেঘরাজের চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। বছরের শুরুতে সৃজিতের সিরিজের কথা ঘোষণা হওয়ার পর থেকেই ফেলুদার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে শুরু হয়ছিল জল্পনা-কল্পনা। অনেকের নামই আলোচনায় ছিল, কিন্তু শেষমেশ টোটা রায়চৌধুরীকেই বেছে নেন সৃজিত মুখোপাধ্যায়। এর আগে সত্যজিৎ রায়ের জন্মদিন (২ মে) উপলক্ষে প্রকাশ করা হয়েছিল সিরিজের টাইটেল ট্র্যাক। ১৬ নভেম্বর প্রকাশ্যে আসবে থিয়েট্রিক্যাল ট্রেলার। সুরিন্দের ফিল্মস প্রযোজিত সিরিজটি দেখা যাবে আড্ডাটাইমসে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস