প্রকাশিত হচ্ছে একটি নতুন অ্যালবাম তাল বেতালের শহরে। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে অ্যালবামের পাঁচটি গানের সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। শহরের নানা অভিজ্ঞতায় জীবন কাটানো মুহূর্তের বলা না বলা কথা আর সুরে সাজানো এ অ্যালবাম। প্রতিটি সৃজনশীল উদ্যোগ মানবিক হোক এ বিশ্বাস থেকে তরুণ প্রজন্মের শিল্পী ও সংশ্লিষ্টদের নিয়ে এবারের ঈদ ও নববর্ষ উৎসব উপলক্ষে নতুন এ অ্যালবাম প্রকাশ করছে গানশালা ও ইকেএনসি [এক নির্ঝর কোলাবরেশনস]।
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, তাল বেতালের শহরে অ্যালবামটি প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে উৎসব উদযাপনে মেধা বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পারস্পরিক ঐক্যচর্চার মাধ্যমে সমকালীন মৌলিক বাংলা গান নির্মাণ।
তাল বেতালের শহরে অ্যালবামটি প্রকাশ উপলক্ষে নির্ঝর বলেন, ‘সামাজিক দায়িত্ব হিসেবে আমার মূল পেশার বাইরে সহপেশা হিসেবে যা কিছু করি, সেগুলোকে বিনিয়োগ করে আগামী প্রজন্মের জন্য আত্মবিশ্বাসী প্রতিষ্ঠান গড়ার চেষ্টায় আছি। আমার সামান্য অভিজ্ঞতায় যা দেখেছি, তা থেকে সংগীত মাধ্যমের তরুণ পেশাজীবীদের নিয়মিত কাজের সুযোগ করে দিতে একটা প্রক্রিয়া গড়ার চেষ্টায় আছি। ব্যক্তিগত মেধা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পারস্পরিক ঐক্যচর্চা হিসেবে ইকেএনসির সিএসআর-আইএসআর পদ্ধতিটা ভবিষ্যতে সমাধানের উপায় হিসেবে উপযোগী হয়ে উঠবে।‘
নির্ঝরের একটি বড় পরিকল্পনা আছে গান নিয়ে। তিনি জানান, প্রথম প্রকল্প হিসেবে আছে ‘নয় বছরের বড়’ শিরোনামে ৫৪ জন শিল্পীর গাওয়া মোট ৬৩টি গানের অ্যালবাম। শিগগির এর গানগুলো প্রকাশ হতে শুরু করবে। তার আগেই উৎসবে-উদযাপনে তাল বেতালের শহরে অ্যালবামটি প্রকাশ হতে যাচ্ছে।
এ অ্যালবামের গানগুলো গেয়েছেন শানিলা, নাসা, সাগর দেওয়ান, মনিফা ও মুন। একদল তরুণ চলচ্চিত্রকর্মী যুক্ত হয়ে নির্মাণ করছে মিউজিক ভিডিও। এ শুভ উদ্যোগে সিএসআর ফান্ড নিয়ে সঙ্গে আছে বার্জার। ১১ এপ্রিল ২০২৪ গানগুলো গানশালার ইউটিউব চ্যানেলে দেখা ও শোনা যাবে। প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে অ্যালবামটি শ্রোতাপ্রিয়তা পাবে।










