নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি সাড়ে তিন বছর ধরে আটকে আছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর সিনেমাটি মুক্তির জন্য ফারুকীর পাশে এসে দাঁড়ান নির্মাতা ও তারকারা। অনেক তারকা আর নির্মাতা সামাজিক মাধ্যমে সিনেমাটি মুক্তি দেয়া নিয়ে বলেছেন। এবারে ফারুকীর শনিবার বিকেল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ফারুকীর পাশে দাঁড়িয়েছেন নন্দিত নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। তিনি পোস্টে লিখেছেন,

‘মোস্তফা সরয়ার ফারুকী অত্যন্ত প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। বিরাট পৃথিবীর চলচ্চিত্র উঠোনে তার চলচ্চিত্র নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এমন অর্জনের জন্য বিশেষ যোগ্যতা থাকতে হয়। এ বিশেষ যোগ্যতা তরুণ প্রজন্মের অনেকের রয়েছে বলে বাংলাদেশের নাম বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সগৌরবে উচ্চারিত হয়।’

শনিবার বিকেলে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদসহ ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। ২০১৯ সালে সেন্সর বোর্ড প্রথমে ছবিটি প্রদর্শনের অনুমতি দিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে। জানানো হয়, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমাটি বাংলাদেশের শান্তিপ্রিয় জনপদের ভাবমূর্তি নষ্ট করতে পারে।

ফারুকীর সিনেমাটি নিয়ে বলতে গিয়ে স্ট্যাটাসে আফজাল হোসেন আরো লিখেছেন, ‘ফারুকীর চলচ্চিত্র “শনিবার বিকেল” অনেক দিন ধরে আটকা পড়ে আছে। শিল্পের বেলায় আটক শব্দটা খুব বিচ্ছিরি ঠেকে। শিল্পী আঁকবার সময়, লিখতে বসে লেখক বা চিত্র নির্মাণের আগে যদি নির্মাতাকে আটকানো মানুষদের চেহারা ভেবে নিতে হয়-তা দুর্ভাগ্য ও দুর্ভোগের।’

১৯৬১ সালের দিকে ভারতের অন্যতম অভিনেতা দিলীপ কুমার ‘গঙ্গা যমুনা’ সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবার প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি মুক্তিতে বাধা দেয় ভারতীয় সেন্সর বোর্ড। তাদের ধারণা ছিল সিনেমাটি হিন্দি সিনেমার জন্য ক্ষতির কারণ হতে পারে। পরে কোনো উপায় না পেয়ে দিলীপ কুমার যোগাযোগ করেন ইন্দিরা গান্ধীর সঙ্গে। এরপর মুক্তির আলো দেখে গঙ্গা যমুনা সিনেমাটি। আজও ভারতীয় সিনেমার অন্যতম একটি কাজ হিসেবে চিহ্নিত করা হয় এ সিনেমাকে।

বিষয়টি উঠে এসেছে আফজাল হোসেনের পোস্টে। তিনি লিখেছেন, ‘ফারুকীর মন ভালো নেই। অভিনেতা দিলীপ কুমারেরও একদা মন খারাপ হয়েছিল। সে শোনা গল্পটা বলি। দিলীপ কুমার গঙ্গা যমুনা বানিয়েছেলেন ১৯৬১ সনে। এটিই তার প্রথম প্রযোজিত ছবি। নিজের লেখা কাহিনী, নীতিন বোসের সঙ্গে যৌথভাবে পরিচালনাও করেছিলেন। গঙ্গা যমুনা দুই ভাইয়ের গল্প। দুজনের একজন, গঙ্গা-ছিল ডাকাত। ডাকাত চরিত্রটির ভাষা শুনে তখনকার ভারতীয় সেন্সর বোর্ড বেঁকে বসে। তারা ভেবেছিলেন এ ছবি মুক্তি পেলে হিন্দি ভাষার মহাসর্বনাশ হয়ে যাবে।

দিলীপ কুমার কয়েক মাস ধরে শত চেষ্টা সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না বুঝে যোগাযোগ করেন ইন্দিরা গান্ধীর সঙ্গে। ইন্দিরা প্রধানমন্ত্রীর কন্যা। সে পরিচয় ছাড়াও নিজের আলাদা একটা অস্তিত্ব তখন গড়ে তুলেছেন। তার সঙ্গে দেখা ও আলাপ আলোচনায় কাজ হয়। মুক্তির পর থেকে আজ অবধি ভারতীয় চলচ্চিত্রের তালিকায় গঙ্গা যমুনা বিশেষ হয়ে আছে। হিন্দি ভাষার কোনো ক্ষতি এ চলচ্চিত্রের দ্বারা ঘটেনি।

মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফজাল হোসেনের পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘যখন গুণী মানুষ কথা বলেন, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। প্রিয় দেশ, তুমি কি শুনছ?’

শনিবার বিকেল সিনেমাটি মুক্তি নিয়ে আশাবাদী ফারুকী। বণিক বার্তাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সিনেমাটা দেখবে। মানুষের জন্য আমি শনিবার বিকেল নির্মাণ করেছি।’

গত সপ্তাহে ফারুকী অন্য একটি পোস্টে জানিয়েছিলেন, ‘যাই হোক আমরা সাত দিন সময় দিয়ে চিঠি দিয়েছি সার্টিফিকেট ইস্যু করার জন্য। ২১ তারিখে সাতদিন শেষ হবে। তারপর আমরা আইনের পথে হাঁটব। পাশাপাশি সিনেমা বা যেকোনো সৃজনশীল কাজের ওপর থেকে সকল প্রকার অন্যায় নিয়ন্ত্রণ তুলে নেয়ার জন্য আমাদের ভয়েস রেইজ করব। ফ্রিডম অব এক্সপ্রেশন ইজ ফান্ডামেন্টাল অ্যান্ড নন নেগোশিয়েবল।’

আন্তর্জাতিক মহলে একাধিক পুরস্কার জিতে নিয়েছে শনিবার বিকেল। মস্কোয় দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে সিনেমাটি। সম্প্রতি কানাডায় সিনেমাটি দেখানো হয়েছে, যেখানে সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে। এছাড়া সম্প্রতি বিশ্বজনপ্রিয় গণমাধ্যম হলিউড রিপোর্টারে শনিবার বিকেল নিয়ে রিভিউ আকারে ইতিবাচক আলোচনা করা হয়েছে। ফারুকীর শনিবার বিকেল সিনেমাটি মুক্তির দেখা মেলে কিনা এখন সেটা দেখার পালা।