২০২০ সালের ১৬ এপ্রিল সুইডিশ ব্র্যান্ড এইচ অ্যান্ড এমের সঙ্গে ভারতীয় ডিজাইনার সব্যসাচীর মুখার্জির যৌথ উদ্যোগের ঘোষণা এসেছিল।
ভারতের প্রথম সারির একটি ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে বিশ্বের অন্যতম নামি ব্র্যান্ডের সমন্বয় কেমন হয়, তা নিয়ে আগ্রহ ছিল অনেকের।
সম্প্রতি সব্যসাচী ও এইচঅ্যান্ডএমের সমন্বয়ের প্রথম কালেকশন ওয়েন্ডারলাস্ট বাজারে এসেছে।
তারা বিশ্বব্যাপী সমন্বয়ের কথা জানিয়েছে।
প্রায় ৭০ ধরনের পোশাক নিয়ে লঞ্চ করতে চলেছে ওয়েন্ডারলাস্ট।
নির্দিষ্ট কিছু এইচঅ্যান্ডএম ফ্ল্যাগশিপ স্টোর এবং ৪৮টি ওয়েবসাইটে পাওয়া যাবে এসব পোশাক।
ওয়েন্ডারলাস্ট কালেকশনের সবচেয়ে বড় আকর্ষণটি শাড়ি।
এইচঅ্যান্ডএম প্রথমবারের মতো ‘শাড়ি’ বাজারে এনেছে।
শুধু দক্ষিণ এশিয়ার গ্রাহকদের কথা মাথায় রেখেই এ শাড়ি তৈরি হয়েছে।
১২ আগস্ট থেকে মুক্তি পেয়েছে এ কালেকশন।
এসব শাড়ি পাওয়া যাবে ৭৯৯ থেকে শুরু করে ৯ হাজার ৯৯৯ রুপি পর্যন্ত দামে।
সব্যসাচী ও এইচঅ্যান্ডএমের এ শাড়ি বাজারে আসতেই প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে ট্রল।
বিশেষ করে সব্যসাচীর ডিজাইন করা সাদা-মেরুন কম্বিনেশনের একটি শাড়ি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাট্টা করছেন অনেকে।
এ শাড়ির ছবি পোস্ট করে একজন লিখেছেন, ‘আমি নিশ্চিত যে ১৯৭০ সালে আমার দাদীর আলমারিতেও এমন শাড়ি ছিল।
কিন্তু তা কেনার জন্য তাকে কিডনি বিক্রি করতে হয়নি।’ সব্যসাচী ও এইচঅ্যান্ডএমের শাড়ি নিয়ে এমন ট্রল এখন ভারতীয় নেট দুনিয়ায় ভাইরাল।
আরেকজন লিখেছেন, ‘আমার দাদীর কাছে ঠিক এ রকমই শাড়ি রয়েছে।
মাত্র ৪০০ টাকা দিয়ে তা কিনেছিলেন।’
সূত্র: ইকোনমিক টাইমস










