বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ৩৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আজ বেলা ৩টায়। এ বছর সম্মাননা (মরণোত্তর) পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। ১৩ আগস্ট তারেক মাসুদের মৃত্যুবার্ষিকীতে তার মা নুরুন্নাহার মাসুদ ও সহধর্মিণী ক্যাথরিন মাসুদের হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবেরও উদ্যোক্তা বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। ১৯৮৮ সাল থেকে দুই বছর অন্তর ‘আন্তর্জাতিক স্বল্প ও মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’
এখনো অব্যাহত আছে।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, ‘বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণ এবং দেশব্যাপী বিকল্পভাবে চলচ্চিত্র প্রদর্শনের লক্ষ্য নিয়ে ৩৬ বছর আগে ২৪ আগস্ট ১৯৮৬ সালে জন্ম হয়েছিল “বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম”-এর। নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দেশের ৫৬ জেলার ২৫০ উপজেলায় গড়ে উঠেছিল ফোরামের বিকল্প প্রদর্শনের নেটওয়ার্ক। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের দাবির মুখে ফোরাম আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ফিল্ম ইনস্টিটিউট”
গঠন এবং “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান”
চালু করার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তা বাস্তবায়ন হয়েছে।’
তিনি আরো বলেন, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা গণ-আন্দোলনেও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সক্রিয় ভূমিকা রেখেছে। এছাড়া সবসময় মৌলবাদবিরোধী অবস্থান এবং বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। চলচ্চিত্র নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ, নির্মাণ সহায়তা প্রদান, বিশ্বের বিকল্প চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, চলচ্চিত্র বিষয়ে মানসম্পন্ন প্রকাশনা ইত্যাদি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নিয়মিত কার্যক্রমের অংশ; যা এখনো অব্যাহত আছে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং শিল্প-সংস্কৃতির বিকাশে ধারাবাহিকভাবে অবদান রেখে যাবে।’
এ আয়োজনে সন্ধ্যা ৬টায় থাকছে তারেক মাসুদকে (মরণোত্তর) সম্মাননা প্রদান উপলক্ষে প্রসূন রহমানের প্রামাণ্য চলচ্চিত্র ‘ফেরা’র প্রদর্শনী।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সদস্যদের নির্মিত সমকালীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। আগামীকালও থাকছে নানা আয়োজন। এর মধ্য বেলা ১১টায় থাকছে ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধে চলচ্চিত্র’ শীর্ষক স্বাধীন ধারার চলচ্চিত্র প্রদর্শনী। বিকাল ৫টায় ‘বাংলাদেশী নারী নির্মাতাদের চলচ্চিত্রে নারী’ শীর্ষক সেমিনার। এতে আলোচক থাকবেন শামীম আখতার, ড. গীতি আরা নাসরীন, মানজারে হাসীন মুরাদসহ আরো অনেকে।










