চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বলিউডে ২০২৩ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ আয় কমেছে। গত বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’ ৫৪৩ কোটি রুপি আয় করে বক্স অফিসে ব্যাপক ভূমিকা রেখেছে। চলতি বছরের একই প্রান্তিকে এতটা সফল সিনেমার দেখা পায়নি বলিউড। এর মধ্যে শুধু একটি ডাবড সিনেমা সুপারহিটের খেতাব জিতেছে। তবে ‘পাঠান’-এর তুলেনায় এ সিনেমার আয় দশ ভাগের এক ভাগ। খবর কইমই।

২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চে বলিউড বক্স অফিসে মোট ১৫টি হিন্দি সিনেমা মুক্তি পায়। এছাড়া দক্ষিণ ভারতীয় ‘ক্যাপ্টেন মিলার’, ‘হনুম্যান’ ও হলিউডের ‘গডজিলা’ ফ্রাঞ্চাইজির নতুন কিস্তির ডাবড সংস্করণ মুক্তি পায় হিন্দি বলয়ে। সব মিলিয়ে এ প্রান্তিকে হিন্দি সিনেমাগুলো আয় করে ৭৮৭ কোটি ৫৮ লাখ রুপি। এর আগের বছরের একই সময়ে আয় ছিল ৯৬১ কোটি ১১ লাখ রুপি। অর্থাৎ, চলতি বছরে আয় কমেছে ১৮ শতাংশ।

কভিড-১৯ মহামারী ও তার পরবর্তী প্রভাবের কারণে পাঁচ কঠিন সময় পার করছে বলিউড। ২০২০ সালের প্রথম প্রান্তিকে ১৩টি সিনেমা মুক্তি পায়। পরের বছরে আংশিক লকডাউনের মাঝে ৭টি রিলিজ হয় বলিউডে। ২০২২ সালে প্রাক-মহামারীর বছরে জানুয়ারি থেকে মার্চে নয়টি হিন্দি ছবি মুক্তি পায়। এর পর গত বছর মুক্তি পায় ১২টি সিনেমা।

২০১৯ সালের প্রথম প্রান্তিক বলিউড ব্যাপক সফল ছিল। ১৭টি রিলিজ থেকে আয় করে ১ হাজার ১৮১ কোটি ৮৫ লাখ রুপি। এর মধ্যে ছিল দুটি হলিউড সিনেমা। গলি বয়, লুকা চুপি, বদলা ও উরি: দ্য সার্জিকাল স্ট্রাইকসহ ছয়টি সিনেমা সুপারহিট ব্যবসা করে। সব মিলিয়ে ছয় বছরের মধ্যে সবচেয়ে সফল প্রান্তিক ছিল এটি।

গত পাঁচ বছরের হিসাবে ২০২৩ সালে ৯৬১ কোটি ১১ লাখ রুপি আয় করে সফল প্রান্তিক দেখেছে বলিউড। তবে সাফল্যের পুরোপুরি ভার ছিল ‘পাঠান’-এর কাঁধে। পাঁচ বছরের মাঝে সবচেয়ে খারাপ ব্যবসা ছিল ২০২১ সালে। মাত্র ৯১ কোটি ৪৫ লাখ রুপি আয়ের ওই প্রান্তিকে ছিল না কোনো হিট।

এছাড়া ২০২০ সালের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি আয়ের সিনেমা ছিল ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ (২৭৯.৫০ কোটি), ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ (৪৬.৫৮ কোটি) ও ২০২২ সালে ‘আরআরআর’ (২৭৭ কোটি রুপি) ছিল হিটের তালিকায়।

চলতি বছরের জানুয়ারি-মার্চ মৌসুমে সর্বোচ্চ আয় করে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’। কিন্তু সিনেমাটি বড় বাজেটের কারণে ২১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেও ব্যর্থ। এ সময় হিন্দি রিলিজ হিসেবে বড় হিট হিসেবে বিবেচিত হচ্ছে ইয়ামি গৌতম অভিনীত ‘আর্টিকেল ৩৭০’, ছবিটির আয় ৮১ কোটি রুপি। এছাড়া অজয় দেবগনের ‘শয়তান’ আয় করে ১৪২ কোটি ৭২ লাখ রুপি। তবে অল্প বাজেটের কারণে একমাত্র সুপারহিট ধরা হচ্ছে তেজা সাজা অভিনীত ‘হনুম্যান’-এর ডাবড সংস্করণকে। দক্ষিণ ভারতীয় সিনেমাটির আয় ৫০ কোটি ৭৬ লাখ রুপি।

এক নজরে বলিউড পাঁচ বছর প্রথম প্রান্তিকের আয়: ১ হাজার ১৮১ কোটি ৮৫ লাখ (২০১৯, প্রাক-মহামারী), ৭৮৩ কোটি ৪৮ লাখ (২০২০, মহামারী), ৯১ কোটি ৪৫ লাখ (২০২১, আংশিক লকডাউন), ৮১৪ কোটি ২৪ লাখ (২০২২, মহামারী-পরবর্তী), ৯৬১ কোটি ১১ লাখ (২০২৩) ও ৭৮৭ কোটি ৫৮ লাখ রুপি (২০২৪)।