দীর্ঘ লড়াই শেষে অবশেষে জীবনের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা, ১৪ দিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৬টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। সীমানার ভাই এজাজ বিন আলী তার মৃত্যুর কথা নিশ্চিত করেন।
সীমানার পরিবার থকে জানা যায়, গত ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সেদিন রাত সাড়ে ১১টার দিকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
পরদিন আরো উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
গত ২৫ মে এ হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকাল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
তার শারীরিক অবস্থা ক্রমে অবনতির দিকে যেতে থাকে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও পরবর্তী সময়ে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে গতকাল সকালে না ফেরার দেশে চলে যান সীমানা।
উল্লেখ্য, চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৬ সালে বিনোদন জগতে পা রাখেন তিনি। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা আর পরিচিতি পান। সিনেমায় সফলতার পর অসংখ্য বিজ্ঞাপন ও নাটকেও সফলভাবে কাজ করেন। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।
২০১৬ সালের দিকে মা হওয়ার কারণে কাজে বিরতি দিয়েছিলেন এ অভিনেত্রী। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে শ্রেষ্ঠর বয়স আট বছর, আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী।










