লকডাউন চলাকালীন দীপিকা পাড়ুকোন নিয়মিত তার শৈশবের স্মৃতিগুলো ফিরে দেখছেন। সম্প্রতি তিনি তার কিশোরী বয়সের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে আমির খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। খিদে পেলেও তাকে আমির দই ভাত খেতে দেননি বলেও জানিয়েছেন দীপিকা। ছবিটি শেয়ার করে এ কথা লিখেছেন ছপাকের এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে দীপিকা লিখেছেন,

‘মেজর থ্রোব্যাক ১ জানুয়ারি, ২০০০। আমি তখন ১৩ বছর বয়সী এবং আনাড়ি। তিনি মধ্যাহ্নভোজন করছিলেন। খাবারের মেনুতে ছিল দই ভাত। আমি সে সময় ক্ষুধার্ত ছিলাম, যেমনটা আমি সবসময় থাকি। কিন্তু তিনি আমাকে খাওয়ার প্রস্তাব দেননি এবং আমিও জিজ্ঞাসা করিনি।’

এই বিরল ছবিতে দীপিকাকে কালো শার্ট ও প্যান্টে বাবা প্রকাশ পাড়ুকোন এবং আমির খানের মাঝখানে বসে থাকতে দেখা গেছে। ছোট মেয়ে আনিশাকে কোলে নিয়ে বাম দিকে বসে আছে তার মা উজ্জলা। ছবিটি তাদের নতুন বছরের গেট টুগেদারের  সময় তোলা হয়েছিল। ২০০১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’-এর লুকেই আমির খানকে এ ছবিটিতে দেখা গিয়েছে।

ছবিটি এক ঘণ্টার মধ্যে ৫.৫ লাখেরও বেশি ‘লাইক’ পেয়েছে।  ভক্তরা আমির ও দীপিকার আগের ও বর্তমান চেহারা নিয়েও অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন।

২০০৬ সালে ‘ঐশ্বরিয়া’ দিয়ে দীপিকা চলচ্চিত্রে তার যাত্রা শুরু করেছিলেন। এক বছর পর তিনি ‘ওম শান্তি ওম’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনেত্রী হিসেবে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন।

দীপিকা সম্প্রতি প্রকাশ করেছেন যে করোনাভাইরাস মহামারীজনিত লকডাউনের মধ্যে সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ করতে গিয়ে তিনি তার বোন আনিশাকে অনেক মিস করছেন। তিনি মা দিবসের পরের দিন তার মা উজ্জলার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছিলেন।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস