অস্ট্রেলিয়ার সিডনি শহরে বাঙালি কমিউনিটির মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ নগরবাউল জেমস এখন সিডনিতে। অস্ট্রেলিয়ায় এখন তীব্র শীত, হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা। এ সময়ে সিডনি প্রায় নিস্তেজ থাকে। সাধারণত এ শহরে বাঙালিদের নিজস্ব উৎসবে মেতে ওঠার সুযোগ খুব একটা হয় না। তার ওপর দীর্ঘ দুই বছরের কভিড সীমাবদ্ধতা প্রায় স্থবির করে দিয়েছিল সব আয়োজন। দীর্ঘ বিরতির পর ‘বাংলাদেশ নাইট’ শিরোনামে কনসার্টের আয়োজন করেছেন প্রবাসী বাঙালিরা। আজ সন্ধ্যা ৬টায় লিভারপুলের উইটলাম লেইজার সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। কনসার্টে অংশ নিতে জেমস ও নগরবাউল এখন অস্ট্রেলিয়ায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলবলসহ সিডনি এয়ারপোর্টে পৌঁছান জেমস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক কমিটি ও প্রবাসী বাঙালিরা। ‘লিসেন ফর বাংলাদেশ নাইট’-এর আমন্ত্রণে এটি জেমসের দ্বিতীয় সফর। ২০১৫ সাল থেকে প্রতি বছর শুধু বাংলাদেশী শিল্পীদের নিয়ে কনসার্টের আয়োজন করে আসছে সংগঠনটি। ক্রেজি বাজার বাংলাদেশ নাইটের এ মঞ্চে নগরবাউল জেমস ছাড়াও গান পরিবেশন করবেন ডি-রকস্টারখ্যাত শুভ এবং শুভযাত্রা, পিন্টু ঘোষ। বাংলাদেশ নাইটের শুরু থেকে প্রতিটি কনসার্টে অংশগ্রহণ করে আসছেন ডিজে রাহাত। বরাবরের মতো এবারো মিউজিক মিক্স নিয়ে সিডনিতে গিয়েছেন রাহাতও। গতবারের মতো এবারো ফটো ও ভিজ্যুয়াল মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী ফটোগ্রাফারদের সংগঠন বিপিএসএ।

উল্লেখ্য, ১২ বছর পর মাহফুজ আনাম জেমসের নতুন গান মুক্তি পায় গত ঈদুল ফিতরে। আই লাভ ইউ শিরোনামের গানটি মুক্তি পায় বসুন্ধরা ডিজিটাল নামের ইউটিউব চ্যানেলে।