একসঙ্গে নতুন দুটি ধারাবাহিক নাটক শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। আজ প্রচার শুরু ‘উড়ালপঙ্খী’ ও ‘ক্যাম্পাস’ নাটক দুটির। 

ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় উড়ালপঙ্খী প্রচার হবে প্রতি রোব থেকে বৃহস্পতিবার রাত ৮টায়। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, ইমতু, শশী, মুসাফির সৈয়দ বাচ্চু, শম্পা রেজা, শামীমা তুষ্টি, মনিরা মিঠু, কচি খন্দকার, অনন্ত হীরা, মাসুম বাশার প্রমুখ। অন্যদিকে আওরঙ্গজেবের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় ক্যাম্পাস প্রচার হবে প্রতি রোব থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এতে অভিনয় করেছেন রওনক হাসান, অর্ষা, চাষী আলম, পাভেল, মিহি আহসান, এমিলা হক, সুষমা সরকার, মাহা, তামিম খন্দকার, ফরহাদ বাবু, শিবলি নোমান, তানজিম হাসান অনিক, আহসান হাবিব নাসিম, এমিলা হক প্রমুখ। 

ইদ্রিস হায়দার জানান, উড়ালপঙ্খী পারিবারিক গল্পের নাটক। এ নাটকে দেখা যাবে, বড় বাড়ির বড় কর্ত্রী আফসানা বিবি ও তার দুই ছেলে। বড় ছেলে মনসুর মিয়া ও ছোট ছেলে মজনু মিয়া। দুই ছেলের জীবনযাপন ও তাদের সঙ্গে যুক্ত বাকিদের নানা গল্প নিয়ে এগিয়ে যাবে এ নাটকের গল্প। অন্যদিকে নির্মাতা তুহিন হোসেন ক্যাম্পাস নাটক নিয়ে বলেন, ‘‌এটা আমাদের ক্যাম্পাস জীবনের গল্প, এ ক্যাম্পাসের সঙ্গে মানুষের জীবনের ক্যানভাসের সম্পর্ক আছে। ক্যাম্পাস জীবনের ভালো লাগা, ভালোবাসা, নানা ধরনের বাধা, বন্ধুদের সঙ্গে কাটানো সময় সবকিছুই উঠে আসবে নাটকটিতে। নাটকটি দেখে দর্শকের মধ্যে এক ধরনের নস্টালজিয়া কাজ করবে। কারণ সবাই জীবনে এমন একটি সময় পার করে এসেছে। বিশ্ববিদ্যালয় জীবনের আনন্দ, প্রথম দিন থেকে আস্তে আস্তে যে কঠিন বাস্তবতায় চলে যাওয়া দর্শক এ নাটকে দেখতে পারবে।’ প্রাথমিকভাবে নাটকটি ১০৪ পর্বে সাজানো হয়েছে। এর পুরো শুটিং হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত তিন লটের শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা।