পপ তারকা ম্যাডোনা দাবি করেছেন যে তার কভিড-১৯ অ্যান্টিবডির পরীক্ষা ইতিবাচক এসেছে। তিনি সোস্যাল মিডিয়ার একটি পোস্টে লিখেছেন যে তার শরীরে স্পষ্টতই করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল, তবে তিনি বর্তমানে একেবারে সুস্থ আছেন। ম্যাডোনা বিশ্বাস করেন যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কয়েক সপ্তাহ আগে প্যারিসে তার কনসার্ট শেষে তিনি এবং তার দলের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তারা তখন ভেবেছিলেন যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। “ম্যাডোনা’স ম্যাডাম এক্স” শিরোনামের ট্যুরের বাকি অংশ মহামারীর কারণে বাতিল করা হয়েছিল।

কভিড-১৯ ভ্যাকসিন গবেষণার জন্য ১.১ মিলিয়ন ডলার অনুদানের বিষয়ে একটি নিবন্ধ শেয়ার করে ম্যাডোনা তার ইনস্টাগ্রামের পোস্টে লিখেছেন, ‘কভিড-১৯ নিরাময়ের গবেষণাকে সাহায্য করতে পেরে আমি কৃতজ্ঞ। যারা এ ভাইরাস সম্পর্কে গবেষণা করার চেয়ে মসলাদার খবরের শিরোনামগুলোকে বিশ্বাস করবে তাদের উদ্দেশে বলছি—আমি বর্তমানে অসুস্থ নই। আপনি যখন অ্যান্টিবডিগুলোর জন্য ইতিবাচক পরীক্ষা করেন তার অর্থ আপনি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কয়েক সপ্তাহ আগে আমার শোতে আমিসহ আরো অনেক শিল্পী অসুস্থ হয়েছিলাম। তখন আমরা সবাই ভেবেছিলাম আমাদের খুব জ্বর এসেছে।’

ম্যাডোনা পোস্টটি শেষ করতে গিয়ে লিখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমরা এখন সবাই সুস্থ এবং ভালো আছি। আশা করি সবার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। জ্ঞানই শক্তি।’

এরই মধ্যে করোনাভাইরাস অ্যান্টিবডিগুলোর জন্য ইতিবাচক পরীক্ষা করানো সত্ত্বেও সেলিব্রিটি ফটোগ্রাফার স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে অংশ নেয়ার পর ম্যাডোনাকে নিয়ে উদ্বেগ আরো বেড়ে যায়। সশরীর পার্টিতে অংশ নেয়ার জন্য তীব্র সমালোচিতও হয়েছিলেন এই গায়িকা। অনেকে বলেছেন, পার্টিটি তার বাড়িতে অনুষ্ঠিত হতে পারত এবং অতিথিরা জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে একত্র হতে পারতেন।

গত বছরের শেষের দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিটা উইলসন, ইদ্রিস এলবা এবং তার স্ত্রী সাব্রিনা, গায়িকা কণিকা কাপুরসহ অনেক তারকা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

সূত্র: এনডিটিভি