শাহরুখ খান সম্প্রতি তার ৫৫তম জন্মদিন পালন করেছেন। সম্প্রতি তিনি দুবাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। শোনা যাচ্ছে দুবাই থেকে ফিরে শাহরুখ তার নতুন ছবির শুটিং শুরু করবেন। শাহরুখের সর্বশেষ ছবি ছিল জিরো। এবার শাহরুখ বড় পর্দায় আসছেন নুতন ছবি পাঠান নিয়ে। এ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকে। এই লাইনআপ দর্শকদের আগ্রহী করে তুলেছে। এ ছবিতে শাহরুখের পরিচালক এটলি। তিনি তামিল ছবির পরিচালক।
এ বছরের ফেব্রুয়ারিতেই ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছিল এটলি ও শাহরুখ শিগগিরই নতুন কাজ শুরু করতে যাচ্ছেন। অনেকে আশা করেছিলেন শাহরুখের জন্মদিনে পাঠানের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কিন্তু এটলির চিত্রনাট্য এখনো প্রস্তুত হয়নি।
পাঠান হবে এটলির প্রথম বলিউড ছবি। এক্ষেত্রে মুম্বাইয়ে শাহরুখ তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই মিররের সংবাদ অনুসারে আগামী মাসে এটলির পুরো টিমকে মুম্বাই উড়িয়ে আনবেন। ছবির সহপ্রযোজক করণ জোহর। এক্ষেত্রে তার টিমও এটলির সঙ্গে কাজ করছে। ছবির গল্প কিংবা অন্য শিল্পীদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
একটি সূত্র মুম্বাই মিররকে জানিয়েছে, ‘ডিসেম্বর থেকেই এটলি মুম্বাইতে থাকবেন। লোকেশন, কাস্ট, টেকনিক্যাল টিম মুম্বাই থেকেই বেছে নেবেন। এজন্য এটলি নিজে মুম্বাইতে একটি অফিস নেবেন। যাতে মহামারীর মধ্যে তাকে বারবার চেন্নাই-মুম্বাই দৌঁড়াতে না হয়।
নভেম্বরের শেষে শাহরুখ খান পাঠানের শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে রাজকুমার হিরানীর সঙ্গে তার কাজের বিষয়টিও এগোচ্ছে বলে শোনা যাচ্ছে।
সূত্র: পিংকভিলা










