প্রভাস আর সাইফ আলী খানের আদিপুরুষ সিনেমার শুধু টিজার প্রকাশ হয়েছে। তাতেই চারদিকে ছড়িয়ে পড়েছে নানা রকম খবরের ঢেউ। রোববার ওই টিজার মুক্তির পর থেকেই তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ নেতিবাচক কথা বলছেন সিনেমায় দেখানো ভিএফএক্স এবং কিছু চরিত্রের পোশাক নির্বাচন নিয়েও। আদিপুরুষ টিমের অনেকেই এ বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন এরই মধ্যে, এবার নিজের মন্তব্য জানালেন সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা প্রভাস।

বৃহস্পতিবার হায়দরাবাদে সিনেমাটির থ্রিডি টিজার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন প্রভাস এবং বলেন, টিজার দেখে খুবই ‘রোমাঞ্চিত’ হয়েছেন তিনি। ওই আয়োজনে প্রভাস আরো বলেন, প্রথমবারের মতো থ্রিডিতে নিজেকে দেখলাম। ভিজ্যুয়াল দৃশ্যগুলো বা প্রাণীর হঠাৎ আক্রমণের দৃশ্যগুলো দেখে খুব ‘রোমাঞ্চিত’ অনুভব করেছি।

বাহুবলী অভিনেতা ভক্তদের নিশ্চিত করেন, টিজারের থ্রিডি ভার্সনটি ৬০টি হলে প্রদর্শন করা হবে। কারণ দর্শকরাই আমাদের মূল সমর্থক। তাদেরই প্রথম এটি দেখা উচিত। তারা এই টিজার নিয়ে কী ভাবছে, তা আমাদের কাছে মূল বিষয়। তিনি যোগ করেন, ‘আমার মনে হয় আপনারা সবাই (গণমাধ্যম) টিজার পছন্দ করেছেন, কারণ আপনারা হাততালি দিয়েছেন।’

এর আগে এই সিনেমার পরিচালক ওম রাউত বলেছিলেন, সিনেমাটি ছোট পর্দা, যেমন মোবাইল ফোনের জন্য নয়। প্রভাসও জানান সেই একই কথা। তিনি বলেন, ‘এই সিনেমা বানানো হয়েছে বড় পর্দার জন্য। এই প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হলো ভারতে। যেটি এর আগে কখনো হয়নি। অর্থাৎ সিনেমাটি বড় পর্দার জন্য তৈরি করা। তাই সবাই যেন থ্রিডিতে এ সিনেমা দেখে, সেটাই গুরুত্বপূর্ণ। খুব শিগগিরই, হয়তো মাত্র কয়েক সপ্তাহেই আমরা দারুণ কিছু কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব।’

আদিপুরুষ সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করেছেন কৃতি শ্যানন ও সাইফ আলী খান। ২০২৩ সালের ১২ জানুয়ারি হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে আদিপুরুষের।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস