মেট গালার এবারের আসর শুরু হয়েছে গতকাল সোমবার। আর এবারের আসরে তারকাদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কিয়ারা আদভানি ও প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার ‘বোল্ড অ্যান্ড বিউটি’ লুক আর কিয়ারা আদভানির গ্ল্যামারে ঝলমলে হয়েছে মেট গালার আসর।
প্রথম সন্তানের মা হতে চলেছেন কিয়ারা, আর প্রথমবারের মতোই মেট গালায়ও রেখেছেন পা। অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিশ্বের জনপ্রিয় ফ্যাশন শো মেট গালায় হাজির হয়েছেন তিনি। লুক আর ফ্যাশনে মুগ্ধ করেছেন দর্শকদের।
মেট গালায় কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি । সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেয়া একটি টেল। এটি ডিজাইন করেছেন গৌরব গুপ্ত। মেট গালায় সবার নজর কাড়া কিয়ারার পোশাক কিন্তু ছিল একেবারেই প্রতীকী, যেখানে মা ও অনাগত সন্তানের সম্পর্ককে চিহ্নিত করে দুটি হৃদয়। হৃদয় দুটি আবার একটি বিমূর্ত নাভিরজ্জু দিয়ে সংযুক্ত।
ফ্যাশনের মাধ্যমে মাতৃত্বের এমন সৌন্দর্য এর আগে খুব কমই দেখা গেছে।
অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতীয় সংস্কৃতি ও গ্ল্যামারকে তুলে ধরা প্রিয়াংকা চোপড়া জোনাস এবারো পিছিয়ে থাকেননি। একটি রেট্রো স্টাইল পোলকা ডট গাউনে তার পুরো লুকটাই ছিল হলিউড গ্ল্যামার ঘরানার। তবে আসরের সব আলো কেড়ে নিয়েছে প্রিয়াংকার গলায় থাকা ২৪১ ক্যারেটের পান্না পাথরের বুলগারি নেকলেস। হলিউড ঘরানার ডটেড পোশাকের সঙ্গে তিনি হাতে পরেছিলেন পান্না ও হীরার আংটি, কানে ছিল হীরা-জড়ানো দুল।
এছাড়া গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও মেট গালায় অভিষেক করেছেন। তিনি পরেছিলেন অল-হোয়াইট রাজকীয় পোশাক। এর ডিজাইন করেছেন প্রবাল গুরুং। শেরওয়ানি, কেপ, পাগড়ি ও গয়নায় সাজানো দিলজিতের এ লুকে ফুটে উঠেছে পাঞ্জাবি সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্য।
অন্যদিকে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানিও ছিলেন মেট গালায়। পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা সূক্ষ্ম অ্যাম্ব্রয়ডারি করা পোশাক। জানা গেছে, ইশা আম্বানির এ পোশাক তৈরিতে সময় লেগেছে দুই বছরেরও বেশি!
মেট গালায় বলিউড তারকাদের উপস্থিতি এর আগেও নজর কেড়েছে আন্তর্জাতিক ফ্যাশনমহলে। প্রতিবছর মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের।










