শন কনোরির মৃত্যু দুনিয়াব্যাপী সিনেমাপ্রেমীদের যেমন শোকাহত করেছে, তেমনি হলিউডের তারকারাও বেদনার্ত। প্রযোজক, পরিচালক কিংবা তারকা সবাই তাদের নিজেদের অনুভূতি লিখেছেন সোস্যাল মিডিয়ায়। জেমস বন্ডের প্রযোজক মাইকেল উইলসন ও বারবারা ব্রোকোলি এক বিবৃতিতে বলেছেন, “স্যার শন কনোরির চলে যাওয়ার ঘটনায় আমরা শোকাভিভূত। তিনি ছিলেন অরিজিনাল জেমস বন্ড এবং তাকে সেভাবেই চিরকাল স্মরণ করা হবে। সিনেমায় তার প্রবেশ ঘটেছিল অবিস্মরণীয় সেই কথাগুলো দিয়ে, ‘আমার নাম বন্ড...জেমস বন্ড’।... বন্ড সিরিজের সাফল্যের পেছনে তার বড় ভূমিকা আছে। আমরা তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।”
বর্তমান বন্ড ড্যানিয়েল ক্রেগ লিখেছেন, ‘সিনেমার সত্যিকার গ্রেটদের একজনের চলে যাওয়াটা সত্যিই বড় শোকের। স্যার শন কনোরি বন্ড এবং আরো অনেক চরিত্রের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি একটি যুগ ও স্টাইলকে প্রতিনিধিত্ব করেছেন। তার রসিকতা, আকর্ষণীয় ব্যক্তিত্ব মেগাওয়াট দিয়ে পরিমাপ করতে হবে। তিনি আধুনিক ব্লকবাস্টার সৃষ্টি করতে ভূমিকা রেখেছেন। আরো অনেক বছর তিনি অভিনেতা ও নির্মাতাদের প্রভাবিত করবেন। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। তিনি যেখানেই থাকুন না কেন আশা করব সেখানে একটা গলফ কোর্স থাকবে।’
নিকোলাস কেজ লিখেছেন, ‘আমি শনের গুণমুগ্ধ। তার সঙ্গে কাজ করাটা আমার জীবনের সবচেয়ে আনন্দের সময়—তার প্রজ্ঞা, বিনয় ও সততা আমাকে সবসময় পথ দেখিয়েছে। তিনি ছিলেন আমার বন্ধু এবং সিনেমা জগতে আমার সেরা শিক্ষক। তিনিই প্রথম তারকা, যিনি ড্রামা, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডিকে একসঙ্গে হাজির করেছিলেন। মায়েস্ত্রো, আপনাকে মিস করব।’
আরেক বন্ড পিয়ার্স ব্রসনান লিখেছেন, ‘স্যার শন কনোরি, বাল্যকাল থেকে এবং নিজে বন্ড হওয়া পর্যন্ত আপনিই আমার সেরা জেমস বন্ড। সিনেমার দুনিয়ার আপনার দীর্ঘ ছায়া চিরকাল রয়ে যাবে। আপনি আমাদের পথ তৈরি করে দিয়ে গেছেন, আমরা সবাই আপনার আইকনিক পদচিহ্ন অনুসরণ করছি।’
রবার্ট ডি নিরো লিখেছেন, ‘তাকে নব্বইয়ের চেয়ে অনেক বেশি কম বয়সী মনে হতো। আশা করতাম সে আরো অনেক দিন আমাদের মাঝে থাকবে। দেখা হবে শন।’
সূত্র: হলিউড রিপোর্টার










