দক্ষিণের অভিনেতা সূর্যর কোনো সিনেমা মুক্তি না দেয়ার হুমকি দিয়েছেন তামিলনাড়ুর সিনেমা হল মালিকরা। এপ্রিলের শেষ সপ্তাহে অভিনেতা সূর্যর সংস্থা ঘোষণা দেয় তার সহপ্রযোজিত তামিল ছবি ‘পোনমাগাল ভান্ধাল’ মে মাসে আমাজন প্রাইমে মুক্তি দেয়া হবে। এ ঘোষণার পর পরই হল মালিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। উল্লেখ্য, ‘পোনমাগাল ভান্ধাল’ সিনেমাটিতে সূর্যর স্ত্রী জ্যোতিকা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

বর্তমানে সূর্য অভিনীত ডেকান এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা সিআর গোপীনাথের ওপর ভিত্তি করে নির্মিত বিরাট বাজেটের সিনেমা ‘সুরারাই পতরু’ মুক্তির অপেক্ষায় আছে। তাই সিনেমা হলের মালিকরা আশা করছিলেন যে তাদের দেয়া হুমকিতে অনলাইনে মুক্তি দেয়া থেকে পিছিয়ে আসবেন সূর্য।

তবে সূর্য পিছু হটতে নারাজ। ‘পোনমাগাল ভান্ধাল’-এর পরিচালক জেজে ফ্রেডরিক এ বিষয়ে বলেন, ‘সিনেমাটি মূলত ২৭ মার্চ সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে তা হয়নি। সিনেমা হলগুলো কবে খোলা হবে এবং সেখানে কতজন লোক সিনেমা দেখতে পারবে তা কেউ জানে না। তাই অনলাইনে সিনেমাটি মুক্তি দেয়াই আমার এবং আমার সহকারী পরিচালকদের জন্য সর্বোত্তম বিকল্প ছিল। লকডাউনের কারণে যেহেতু অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মগুলোর ভিউয়ারশিপ ৬০ শতাংশ বেড়েছে, সূর্য বলেছিলেন যে এই অনিশ্চিত সময়ে সিনেমাটি অনলাইনে মুক্তি দেয়াই উপযুক্ত কাজ হবে।’

যেহেতু অ্যামাজন তার প্লাটফর্মে সরাসরি সিনেমাগুলোর মুক্তির জন্য একটি ভালো অংকের অর্থের প্রস্তাব দিয়েছিল, তাই সিনেমায় করা যাবতীয় ব্যয় ভালোভাবেই উঠে আসবে। প্রদর্শনকারীরা যদিও এই পন্থায় সন্তুষ্ট হননি। তামিলনাড়ু থিয়েটার মালিক সমিতির সভাপতি আর পন্নিরসেলভম বলেছেন, ‘সূর্য এবং জ্যোতিকা বর্তমানে তারকা হয়েছেন, তার কারণ তাদের সিনেমাগুলো তামিলনাড়ু জুড়ে প্রায় এক হাজার স্ক্রিনে দেখা হয়। সিনেমাটি সরাসরি ওটিটিতে প্রকাশের মাধ্যমে, তারা প্রেক্ষাগৃহে কাজ করা হাজার হাজার মানুষের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’

তবে ৩০ জন তামিল চলচ্চিত্র প্রযোজক সূর্যর পক্ষে কথা বলেছেন। তারা যুক্তি দিয়েছিলেন যে ওটিটি রিলিজ প্রযোজকদের দীর্ঘকাল অপেক্ষা না করে তাদের বিনিয়োগ পুনরুদ্ধারে সহায়তা করবে।

 

সূত্র: আউটলুক