নতুন গাড়ি কিনেছেন অভিনেতা আক্কিনেনি নাগা চৈতন্য। তার গ্যারেজে জায়গা করে নিয়েছে একটি পোরশে। সম্প্রতিই তিনি কিনেছেন ৯১১ জিটিথ্রি আরএস মডেলের গাড়িটি। পোরশে সেন্টার চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রকাশ করেছে। তারা গাড়ির সঙ্গে চৈতন্যর ছবি পোস্ট করে লিখেছে, ‘আক্কিনেনি নাগা চৈতন্যকে স্বাগত জানাচ্ছি আমাদের পরিবারে। আমরা তার কাছে ৯১১ জিটিথ্রি আরএস গাড়িটি পৌঁছে দিতে পেরে আনন্দিত। এ গাড়ির সঙ্গে তার অনেক সুখস্মৃতি তৈরি হোক, সেই কামনা করি।’

ভারতীয় গণমাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দেয়া তথ্যানুসারে, গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৩ কোটি রুপি। এটিতে আছে ফোর টায়ার ছয় সিলিন্ডারের ইঞ্জিন, যা ৫১৮ বিএইচপি ও ৪৬৮ ন্যানোমিটার টর্ক দেয়। গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ২৯৬ কিলোমিটার গতি তুলতে পারে। এটি রুপালি রঙের। এর সঙ্গে চারটি ছবি তুলে প্রকাশ করে পোরশে চেন্নাই। ছবিতে দাড়ি গোঁফে ঢাকা নাগা চৈতন্যকে দেখা যায়। 

গাড়ি নিয়ে চৈতন্য বরাবরই আগ্রহী। তার সংগ্রহে নানা প্রকারের গাড়ি আছে। এর মধ্যে আছে মার্সিডিজ বেঞ্জ জিসিক্সটিথ্রি এএমজি ও ৪৮৮ জিটিবি মডেলের একটি লাল ফেরারি। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দেয়া তথ্যানুসারে চৈতন্যর মার্সিডিজের দাম ৪ কোটি রুপি। ফেরারির দাম ৪ কোটি ৮৮ লাখ রুপি। এ তিন গাড়ি ছাড়াও তার গ্যারেজে আছে একটি রেঞ্জ রোভার। কালো রঙের সে গাড়ির দাম ২ কোটি ৩৮ লাখ রুপি।

নাগা চৈতন্যকে সবশেষ দেখা গেছে হরর গল্প থেকে নির্মিত সিরিজ ‘ধুতা’য়। এ সময় তিনি ব্যস্ত আছেন থানডেল সিনেমার কাজে। সিনেমাটির পরিচালক চান্দু মোনডেটি। সিনেমায় নাগার বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সাই পল্লবী। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এ বছরের শুরুতে জিগহুইলের সঙ্গে সাক্ষাৎকারে চৈতন্য বলেছিলেন, ‘একজন জেলের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। গুজরাটে মাছ ধরতে গিয়ে তারা ভুল করে পাকিস্তানের সীমান্তে চলে যায়। তাদের জেলে যেতে হয়। সেই জেল জীবন ও সেখান থেকে বেরিয়ে আসার গল্পই আসছে সিনেমায়।’

সূত্র: মিন্ট