আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুক্রবার শুরু হয়েছে শিল্পী অভিজিৎ চৌধুরীর ‘নন হায়ারার্কিক্যাল অর্ডার অব ফর্মস’ শিরোনামে একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটির উদ্বোধনে প্রধান অতিথি এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন ও বিশেষ অতিথি অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন গবেষক, প্রাবন্ধিক আলিয়ঁস ফ্রঁসেজের নির্বাহী কমিটির সদস্য মফিদুল হক, অভিনেতা জাহিদ হাসান প্রমুখ।
অভিজিৎ চৌধুরী বাংলাদেশের একজন প্রকৃষ্ট ও প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে পরিচিত। তিনি অবিদিত কল্পনাপ্রসূত এবং বর্ণময় নিগূঢ় বিশ্বের মধ্য দিয়ে ভ্রমণ করতে পছন্দ করেন, যেখানে দৃষ্টিনন্দিত রহস্য ও স্বপ্নিল পরিবেশ বিদ্যমান। অভিজিতের অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো প্রকৃতি। নন হায়ারার্কিক্যাল অর্ডার অব ফর্মস শীর্ষক এ প্রদর্শনীতে ৪৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।










