ভারতে সিনেমাও এক ধরনের পারিবারিক ব্যবসা। এসব পরিবারের সবাই বংশগতভাবে চলচ্চিত্র জগতের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। কয়েক প্রজন্মে উপহার দিয়েছে সফল অভিনেতা থেকে শুরু করে অনেকে সফল পরিচালক-প্রযোজক।

ভারতীয় চলচ্চিত্রের বিশিষ্ট ও ধনী চলচ্চিত্র পরিবারগুলোর মধ্যে রয়েছে কাপুর, চোপড়া ও আক্কানি। এদের বাইরে সিনেমা ব্যবসার ক্ষেত্রে অনেক ধনী পরিবার রয়েছে। তবে এদের সবাইকে পেছনে ফেলে প্রথমে রয়েছে টলিউডের এক পরিবার, ‘আল্লু কোনিদেলা’। এ পরিবারকে আবার ‘মেগা পরিবার’ও বলা হয়। সম্প্রতি তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডিএনএ।

সিনেমা জগতে আল্লু-কোনিদেলা পরিবারের আবির্ভাব ঘটে ১৯৫০-এর দশকে, যার প্রতিষ্ঠাতা আল্লু রামালিঙ্গাইয়া। তেলেগু ইন্ডাস্ট্রির বিখ্যাত এ অভিনেতাকে কৌতুক অভিনেতা ও প্রযোজক হিসেবেও সামনের সারিতে রাখা হয়। তার সন্তানরাও ইন্ড্রাস্টিতে শক্ত অবস্থান গড়েন।

আল্লু রামালিঙ্গাইয়ার চার সন্তানের মধ্যে অরবিন্দ সিনেমা প্রযোজক ও মেয়ে সুরেখা ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার চিরঞ্জীবীর স্ত্রী।

দক্ষিণ ভারতীয় এ পরিবারের বিভিন্ন ধারা থেকে এসেছেন রামচরণ, আল্লু অর্জুন, পবন কল্যান, নগেন্দ্র বাবু, বরুণ তেজ, সাই ধরম তেজসহ অনেক নামি অভিনেতা। বলিউডের কাপুরদের তুলনায়ও দক্ষিণ ভারতীয় এ মেগা পরিবারের সম্পদের পরিমাণ অনেক বেশি।

একাধিক প্রতিবেদন অনুসারে, চিরিঞ্জীবী ও রাম চরণ এ পরিবারের সবচেয়ে ধনী সদস্য। এ পরিবারের সম্পদের মূল্য প্রায় ৬ হাজার কোটি রুপি। তাদের হাতে রয়েছে গীতা আর্টস, পবন কল্যান ক্রিয়েটিভ ওয়ার্কস, কোনিদেলা প্রোডাক্শন কোম্পানি ও আল্লু স্টুডিওর মতো নামি সংস্থা।