দেশের জনপ্রিয় নাট্যদল অনুস্বর। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুস্বরের মঞ্চনাটক ‘তিনকড়ি’র নবম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িকতার দহন আর দাহতে বিপর্যস্ত মানবিক চেতনার গল্প নিয়ে মাহবুব আলম রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। তিনকড়ি অনুস্বরের চতুর্থ প্রযোজনা। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
অখণ্ড ‘ব্রিটিশ-ভারত’-এর পূর্ববঙ্গের বগুড়ার একটি গ্রাম দীঘলকান্দি। গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়া মিলিয়ে বসবাস করে নানা ধর্মের মানুষ। দীঘলকান্দির চারপাশ ঘিরে আরো আছে সুখোনপুকুর, লোহাগাড়া, কাতলাহার, সোনাতলা, আর আছে এক বগারবিল। এসব নিয়ে এক গ্রামীণ জনপদ। কৃষক জীবনের নিত্যনৈমিত্তিকতা ছাড়াও বৈশাখী মেলা, মাছধরা, গান-কীর্তনের আসর, কুস্তি লড়াই এসব নিয়ে হাসি-আনন্দে কেটে যাচ্ছিল তাদের জীবন। তবে ১৯৪৭ সাল আসতেই গ্রামে বাড়তে থাকে ধর্মীয় উন্মাদনা ও উগ্রতা। সে উগ্রবাদের তীব্র আঁচে জন্ম-জন্মান্তরের সহাবস্থান সজোরে হোঁচট খায়! যেন অনেকটাই অচেনা হয়ে ওঠে পরস্পর, পাশের বাড়ি, এমনকি প্রিয় বান্ধবও। বিপর্যয় ঘটে মানবিক চেতনার।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এসআর সম্পদ, সাকিল সিদ্ধার্থ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী, মাজেদুল মিঠু, আকিব বাবু, আবির সায়েম, আরিফুল হক, হোজাইফা আলী সোহেল, আশিকুর রহমান, ডালিয়া ফেরদৌসি বাণী, সরকার জামান প্রমুখ। সংগীত দলে রয়েছেন সজীব বিশ্বাস, পিকলু বকশী, সুদীপ্ত মাহমুদ, হূদয় ও সাকিল সিদ্ধার্থ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, সংগীত পরিকল্পনায় পরিমল মজুমদার, পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা ও নৃত্য বিন্যাসে অনিকেত পাল বাবু।










