অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ৩৬ বছর পূর্তির বিশেষ আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার দুইদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন শুরু হয় জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রথম যুগের (১৯৮৬-৯৮) সংকলনের প্রকাশনা উৎসব আর স্মৃতিচারণ করা হয়েছে বিকাল ৫টায়। এ আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, মানজারে হাসীন মুরাদ, নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, মসিহউদ্দীন শাকের, আমিনুর রহমান বাচ্চু, ফোরামের প্রথম যুগের সংকলন সম্পাদক জহিরুল ইসলাম কচি, চলচ্চিত্র সম্পাদক অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম ও অধ্যাপক সলিমুল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিবুল হাসান। সন্ধ্যায় তারেক মাসুদকে (মরণোত্তর) সম্মাননা প্রদান উপলক্ষে প্রসূন রহমানের প্রামাণ্য চলচ্চিত্র ‘ফেরা’ প্রদর্শিত হয়েছে। সবশেষে ছিল বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সদস্যদের নির্মিত সমকালীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। এ আয়োজনে ছয়টি শর্ট ফিকশন এবং দুটি শর্ট ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে।

এ আয়োজন নিয়ে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, ‘আশির দশকে একঝাঁক তরুণ বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম গঠন করেছে। এর একটা ইতিবাচক সামাজিক প্রভাব রয়েছে। এ আন্দোলনের সফলতার পেছনে কাজ করেছে আদর্শ বোধে উদ্বুদ্ধ তারুণ্যের দীপ্তি, প্রতিভা, শক্তি এবং সুস্থ ও সাবলীল সৃজনশীলতার প্রবল তাগিদ। আমাদের তিন যুগপূর্তির আয়োজনে তারুণ্যের ব্যাপক উপস্থিতি প্রমাণ করছে সেই ধারা এখনো অব্যাহত আছে। বাংলাদেশে স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের শক্ত ভিত্তিভূমি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।’

গতকাল ছিল এ আয়োজনের শেষ দিন। এদিন সকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হয় তারেক মাসুদের ‘রানওয়ে’। তানভীর মোকাম্মেলের ‘চিত্রা নদীর পারে’ দেখানো হয় বিকালে। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল হলে ‘বাংলাদেশী নারী নির্মাতাদের চলচ্চিত্রে নারী’ শীর্ষক সেমিনার। এল অপু রোজারিওর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন চলচ্চিত্র নির্মাতা লাবণী আশরাফি এবং পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা। বিকাল ৫টায় অনুষ্ঠিত হওয়া এ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক শামীম আখতার, প্রামাণ্যচিত্রকার ফৌজিয়া খান, চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন এবং প্রামাণ্যচিত্রকার মানজারে হাসীন মুরাদ। এছাড়া সন্ধায় আকরাম খানের ‘খাঁচা’ দেখানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।