মডেলিং দিয়ে মিডিয়ায় পা রেখেছিলেন আরিফিন শুভ। টিভি নাটকেও অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। সেই সঙ্গে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে শুভ অভিনীত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। নতুন সিনেমা আর পরবর্তী প্রজেক্টসহ নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন এ অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন সাবিহা জামান শশী 

‘মিশন এক্সট্রিম-এর পর আসছে ‘ব্ল্যাক ওয়ার’। এ ধরনের ফ্র্যাঞ্চাইজি সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা কেমন?

আমার কাছে ভিন্ন ছিল না, কারণ আমরা তো মিশন এক্সট্রিম ও ব্ল্যাক ওয়ার দুটো সিনেমার শুটিং একসঙ্গে করেছিলাম। তবে পরবর্তী অংশ নিয়ে দর্শকের অপেক্ষা দেখতে ভালো লাগে। 

ব্ল্যাক ওয়ার সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে, এতে দর্শকের সাড়া পাচ্ছেন কেমন? 

এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো বলছে দর্শক। টিজারের সময়েও দর্শক ইতিবাচক মনোভাব দেখিয়েছে। দেখা যাক, সিনেমা মুক্তির পর কী হয়। 

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জার্নিটা কেমন ছিল?

‘মুজিব: একটি জাতির রূপকার’ শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মাণ হয়েছে। তার পরিচালিত সিনেমায় অসাধারণ একটি চরিত্রে অভিনয় করেছি। এটা আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা। ভিন্ন একটা সময়ে, অন্য একটি পৃথিবীতে বাস করার সুযোগ হয়েছে এ সিনেমায়। পাশাপাশি অনেক কিছু শেখার সুযোগ ছিল। 

সিনেমাটি কবে মুক্তি পাবে এ নিয়ে কিছু জানা আছে?

আমি যতদূর জানি এ বছরই মুক্তি পাবে। এর থেকে বেশি এখন আমি জানি না।

‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার সাত বছর পর রোমান্টিক ঘরানার কাজ করলেন। রোমান্টিক অভিনয় থেকে দূরে থাকার কারণ কী?

এর পেছনের মূল কারণ কভিড-১৯। করোনা মহামারীর কারণে দুই বছর বিশ্ব থমকে ছিল। ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাগুলো কভিড আসার আগেই করা হয়েছিল কিন্তু সেগুলোর মুক্তি আটকে যায়। অন্যদিকে, করোনা কেটে যাওয়ার পর ‘মুজিব: একটি জাতির রূপকার’ ও ‘নূর’ শেষ করলাম। সিনেমাগুলো এখনো মুক্তি পায়নি। মুক্তি পেতে দেরি হওয়ায় মনে হচ্ছে এত সময়, আসলে এমন নয়। এখন আরিয়ানের জন্য আমার প্রথম ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’-এর কাজ করছি। নূর রোমান্টিক ফিল্ম, কিন্তু এটা অন্য ধাঁচের। 

ভালোবাসা দিবসে আপনার ওয়েব ফিল্ম আসছে। সিনেমার গল্পটা কেমন? 

এটা দর্শকের ভালো লাগার মতো একটা গল্প। বাকিটা জানতে অপেক্ষা করতে হবে এর মুক্তির জন্য। গল্প নিয়ে বেশি কিছু বলব না এখন। 

অ্যাকশন অবতারে আপনাকে বেশি দেখা যায়। এর কারণ? 

হয়তো নির্মাতারা আমাকে অ্যাকশন হিরো হিসেবে দেখতে চান। তবে আমার সব আমেজের চরিত্র ভালো লাগে। রোমান্টিক, কমেডি, অ্যাকশন, সাসপেন্স এসব গল্পের চরিত্রও আমার ভালো লাগার বিষয়। হরর একটু ভয় লাগে, কারণ এখনো আমার হররে অভিনয় করা হয়নি। সব জনরাই আমার পছন্দ। 

সামনে কোন কাজগুলো আসতে যাচ্ছে? 

শুক্রবার তো ব্ল্যাক ওয়ার আসছে। চলতি বছরে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ও ‘নূর’ আসবে। আমার প্রথম ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’ দেখতে পাবে দর্শক।। আর বাকি সিনেমাগুলো নিয়ে এ মুহূর্তে বলতে পারছি না। 

নতুন বছরে বাংলা সিনেমার চলমান ধারা বজায় রাখার জন্য কী করণীয় আপনার মতে?

আমাদের বাংলা সিনেমার জন্য গত বছরটা অনেক ভালো ছিল। নতুন নির্মাতা, অভিনেতা, মিউজিশিয়ান নিয়ে কাজ করা উচিত। যখন নতুনদের সমাগম হবে, তখন অবশ্যই সামনে আরো ভালো কিছু হবে। আর এ ভালো কাজের ধারা আগামী দিনগুলোয়ও অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।