মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার এবং বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের দশম প্রয়াণ দিবস ১১ জুন। ২০১০ সালে বাদল রহমান ৬২ বছর বয়সে প্রয়াত হন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রতি বছরের মতো এ বছরও তার স্মরণে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র আয়োজন করতে যাচ্ছে। এবার অষ্টমবারের মতো এ স্মারক বক্তৃতা আয়োজিত হবে। বর্তমান সময়ের কভিড-১৯ মহামারীর কারণে স্মারক বক্তৃতাটি এবার অনলাইনে সরাসরি অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্রকার বাদল রহমান দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা এবং চলচ্চিত্র শিক্ষক ছিলেন। গত শতাব্দীর ষাটের দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলেন কখনো কর্মী, কখনো সম্মুখসারির সাংস্কৃতিক নেতা। চলচ্চিত্রের শিক্ষক হিসেবে তিনি দেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি আজীবন দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
এ বছর বাদল রহমান স্মারক বক্তৃতার বক্তা বিশিষ্ট চলচ্চিত্রকার ও চলচ্চিত্র শিক্ষক সৈয়দ সালাহউদ্দিন জাকী। বক্তৃতার বিষয় ‘বাংলাদেশে চলচ্চিত্র ‘সংস্কৃতি’র গড়ে ওঠা ও চলচ্চিত্রজন বাদল রহমানের লড়াই’।
‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০২০’
১১ জুন রাত ৮টায় অনুষ্ঠিত হবে। অনলাইনে এ স্মারক বক্তৃতার আয়োজনটি সঞ্চালনা ও বাদল রহমান স্মরণে আলোচনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
আয়োজনটি সরাসরি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ থেকে প্রচারিত হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।










