জাতির পিতার কাছে বর্তমান প্রজন্মের না বলা কথাগুলো ব্যক্ত করার অভিপ্রায়ে বঙ্গবন্ধুকে চিঠি লেখার প্রতিযোগিতা আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডাকস)। ‘প্রিয় বঙ্গবন্ধু’
শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৯০টি চিঠি আসে। প্রেরকদের মধ্য থেকে দুই ক্যাটাগরিতে ১০ জনকে পুরস্কার দেয়া হয়।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকসের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক, গবেষক ও নাট্যকার ড. রতন সিদ্দিকী এবং মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হূদয় চন্দ্র মণ্ডল।
আয়োজকরা জানান, “স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দী পর আজ নতুন প্রজন্ম কী ভাবছে কিংবা জাতির পিতা বেঁচে থাকলে তাকে কী বলত—এ প্রজন্মের সেসব কথা তুলে ধরা এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ও ভাবতে উৎসাহিত করাই ‘প্রিয় বঙ্গবন্ধু’
আয়োজনের প্রধান উদ্দেশ্য।”
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ও নাট্যব্যক্তিত্ব ড. ভাস্বর বন্দোপাধ্যায়। এতে সিনিয়র ক্যাটাগরিতে সেরা চিঠি প্রেরক হয়েছেন সুশীল মালাকার, শৈহাইনু মার্মা, রাতুল চৌধুরী, অমিয় ভৌমিক পলক ও কানিজ ফাতিমা কনিকা এবং জুনিয়র ক্যাটাগরিতে সেরা হয়েছেন আয়েশা সিদ্দিকা তাসমি, সূর্য কুমারশীল, রণিত অধিকারী, সামিহা খান ও ফাতিন হাসনাত।










