পাঠান বা জওয়ানের মতো ব্যবসা করতে না পারলেও ‘টাইগার থ্রি’ নিয়ে ভীষণ আশাবাদী ছিল বলিউড। সে হিসেবে প্রথম তিনদিনের আয় ঠিকঠাক। কিন্তু গোল বাধে চতুর্থ দিন থেকে। আয়ের অঙ্ক আশংকাজনকভাবে কমতে থাকে। অবশেষে সপ্তাহ শেষে স্বস্তিতে ফিরল ‘টাইগার’ শিবির।

চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলছেন, গতকাল শনিবার (১৮ নভেম্বর) ১৮ কোটি ২৫ লাখ রুপি ‘টাইগার’ নির্মাতাদের অ্যাকাউন্টে ঢুকেছে। ফ্র্যাঞ্চাইজির দরদামের হিসাবে এ অর্থ কম মনেও পড়তি বাজারে এটা কম কিসে!

অবশ্য সম্প্রতি এক ইভেন্টে ছবির নায়ক সালমান খান দাবি করেন, বিশ্বকাপের পাল্লায় পড়ে ‘টাইগার থ্রি’ দেখতে হলে আসছেন না দর্শক।

তিনি বলেন, এইবার ভারত সব কয়টি ম্যাচে জিতেছে। আর বিশ্বকাপের সময়ই আমরা এসেছি ‘টাইগার থ্রি’ নিয়ে। আমাদের সিনেমা বেশ ভালোই ব্যবসা করেছে। এখন ভারত বিশ্বকাপ জিতে যাক আর তারপর সবাই আবার হলে আসা শুরু করুক।

শুক্রবারের বদলে দিওয়ালি উপলক্ষে রোববার (১২ নভেম্বর) মুক্তি পেয়েছিল ‘টাইগার থ্রি’। প্রথম দিন আয় করে সাড়ে ৪৪ কোটি রুপি। সোম ও মঙ্গলবার আয় করে যথাক্রমে সোয়া ৫৯ কোটি ও ৪৪ কোটি ৩০ লাখ রুপি।

এরপর এক ধাক্কায় অনেকখানি পতন হয়। বুধ, বৃহস্পতি ও শুক্রবারে আয় হয় যথাক্রমে ২১ কোটি ১০ লাখ, সাড়ে ১৮ কোটি ও সোয়া ১৩ কোটি রুপি। সে তুলনায় প্রথম শনিবার অবশ্য অবস্থা খানিক ভালো, সোয়া ১৮ কোটি রুপি। ভারতীয় বাজারে সাত দিনের আয় ২২০ কোটি রুপির বেশি। বৈশ্বিক বাজারসহ পৌঁছে গেছে ৩৫০ কোটি রুপির কাছাকাছি।

আজ অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল। সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, আগামীকাল থেকে সালমান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সিনেমাটি দেখতে নতুন করে হলমুখী হতে পারে দর্শক।