নৃত্যশিল্পী, উপস্থাপক, মডেল ও অভিনয়শিল্পী প্রতিটি কাজের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিনোদনপাড়ার তরুণ অভিনয় শিল্পী আইশা খান। তিনি এরই মধ্যে ওটিটিতে বেশকিছু কনটেন্টে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এবার ঈদ উপলক্ষে কাজ করেছেন কয়েকটি নাটকে। ঈদের ব্যস্ততা ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বণিক বার্তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন হোসেন সুহি

ঈদে কী নিয়ে ব্যস্ত থাকছেন?

ঈদের দিনের কথা যদি বলি, তাহলে আমি বলব আমার কোনো ব্যস্ততাই থাকে না। আমি পরিবারের সঙ্গে সময় কাটানো বা একটু রিল্যাক্স সময়ই পার করি। ছোটবেলার ঈদ কেটেছে আমার কাজিনদের সঙ্গে। আমরা খুব আনন্দ করতাম। এখন যেহেতু সবাই বড় হয়ে গিয়েছি, যার যার মতো ব্যস্ত থাকা হয়। তাই আগের মতো ঈদ কাটে না। আমি বড় হয়েছি ঢাকায়। পরিবারের সঙ্গে এখানেই ঈদ করা হয়। অবসরের মধ্যে পরিবারকে নিয়েই এবারের ঈদ কাটবে আমার। 

ঈদে দর্শকের জন্য আপনার কাজ নিয়ে জানতে চাই। নতুন কোন কাজগুলো দর্শক দেখতে পাবে? 

আমার নাটক খুব কম করা হয়। তবে এবার ঈদে দর্শকের কথা মাথায় রেখে কিছু কাজ করেছি। ঈদ সামনে রেখেই পাঁচটি নাটকে কাজ করেছি। তবে ঈদেই সব মুক্তি পাবে কিনা বলতে পারছি না। চেষ্টা রয়েছে। আমি আসলে দর্শককে বলতে চাই, আপনারা ঈদের ছুটিতে পরিবার নিয়ে আমাদের কাজগুলো দেখবেন। কারণ দিন শেষে আমাদের এত কষ্ট, কাজ সবই দর্শকের জন্য। 

সিনেমা বা নাটকে কাজের ক্ষেত্রে আপনার কোন ধারার কাজগুলোকে প্রাধান্য দেয়া হয়? 

আমি আসলে একটু বেছে কাজ করতে পছন্দ করি। আর নির্দিষ্ট করে যদি কোনো ধারার কথা বলি তাহলে বলব, আমি সাসপেন্স, থ্রিলার, মিথ এমন কাজগুলো পছন্দ করি। তবে যখন দর্শকের বিষয়টি আসে, তখন তো একই জনরার কাজ করা যাবে না। বিভিন্ন ধরনের চরিত্র দেখতে দর্শক পছন্দ করে। সেক্ষেত্রে এবার কিছুটা চেষ্টা রেখেছি ভিন্ন ভিন্ন ধারার গল্পে কাজ করতে। আশা করি সামনে আরো ভালোভাবে পারব। 

ওটিটিতে দর্শক আপনাকে বেশ পছন্দ করে। আপনি কেমন উপভোগ করেন? 

আমি সাসপেন্স ঘরানার কাজগুলো করে আরাম পাই। সে কারণেই হয়তোবা দর্শক এত বেশি পছন্দ করে। এছাড়া অনেক গুণী শিল্পীর সঙ্গে কাজের সুযোগ হয়েছে। আমি প্রতিক্ষণেই নতুন কিছু শিখেছি। 

ঈদে কোন ধরনের পোশাক বা পোশাকের কালার প্যালেট পছন্দ করেন? 

আমার সবসময় প্যাস্টেল রঙ খুব পছন্দের। ঈদের পোশাকের জন্য সালোয়ার-কামিজের প্রাধান্যই বেশি থাকে। আগে খুব বেশি শপিং আমার করা হতো না। তবে এখন মিডিয়ায় কাজ করার ফলে দেখা যায় অনেক ইভেন্টে যেতে হয়। সেক্ষেত্রে প্রচুর পোশাক লাগে। সে কথা মাথায় রেখে আসলেই এবার ঈদে অনেক কেনাকাটা হয়েছে। সালোয়ার-কামিজের পাশাপাশি বেশকিছু ব্র্যান্ডেড কালেকশনও নেয়া হয়েছে। 

পোশাকের সঙ্গে ঈদ অ্যাকসেসরিজ আপনি কেমন পছন্দ করেন?

আমি খুব ছোটবেলা থেকে নাচ করি। তবে আমার সবচেয়ে কম আগ্রহের জায়গা হলো মেকআপ ও অ্যাকসেসরিজ। একদম ন্যাচারাল থাকতে পছন্দ করি। বড়জোর একটু কাজল বা আই লাইনার ও হালকা লিপস্টিক এতটুকুই। গহনার ক্ষেত্রে হালকা ধরনের গহনাই আমার প্রাধান্য থাকে।