দীর্ঘ সাত বছর পর ঢাকার মঞ্চে প্রদর্শন হতে যাচ্ছে নাট্যদল ‘তীরন্দাজ রেপার্টরি’র ষষ্ঠ প্রযোজনা আলোচিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। আজ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এ নাটকের দুটি প্রদর্শনী হবে। 

নাটকটি নিয়ে তীরন্দাজের পক্ষ থেকে জানানো হয়, মানুষ ও মানবিক গুণের দর্শনের ওপর ভিত্তি করে রচিত কাব্যময় নাটক কণ্ঠনালীতে সূর্যর গল্পে দেখা যাবে মানুষের সহজাত পরিচিতির ব্যাস-বিন্যাসের চিত্র। নাটকের গল্প আবর্তিত হয়েছে এক আগন্তুককে ঘিরে। এখানে আগন্তুকের হঠাৎ উপস্থিতি আমাদের এক অদ্ভুত ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। 

আমরা জানতে পারি, আগন্তুক এক চিকিৎসালয়ে এসেছে তার কন্ঠনালীতে সূর্য আটকে গেছে বলে। বহুকাল ধরে সে তা বহন করছে। তাই সে তা বের করতে চায় বা চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দিতে চায়। তার এমন অদ্ভুত দাবিতে বিদ্রূপ করতে থাকে চিকিৎসালয়ে আসা মিলি ও সমীর। তাতে দমে না গিয়ে আগন্তুকও কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চায়। পরম বাস্তবতা, পরাবাস্তবতা ও অস্তিত্ববাদ—এ তিনের সংকট, সংঘর্ষ আর মিলনের গল্পের নাটক কণ্ঠনালীতে সূর্য। কণ্ঠনালীতে সূর্য এত বছর মঞ্চে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে অভিনেতা ও নির্দেশক দীপক সুমন বলেন, ‘‌এ নাটকের মতোই সামগ্রিকভাবে আটকে যাওয়া সমাজের ভেতরে বন্দি আমরা। এ আটকে যাওয়া সমাজ বাস্তবতার প্রতিফলন হচ্ছে সাত বছর ধরে কণ্ঠনালীতে সূর্য।’

মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। এতে আগন্তুক চরিত্রে অভিনয় করবেন দীপক সুমন আর চিকিৎসক চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন।