ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ২০ জানুয়ারি। নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব ঘিরে আয়োজন শুরু হয়েছে দুই মাস আগেই। আলোচকরা এরই মধ্যে উৎসবটি নিয়ে নানা চমক দিচ্ছেন। কিছুদিন আগেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল আসন্ন চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাস নেবেন ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি ও চীনের চলচ্চিত্র শিক্ষক শি চুয়ান। এবার জানা গেল, উৎসবে মাস্টারক্লাস নেবেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত।
আগামী ২৭ জানুয়ারি মাস্টারক্লাস নেবেন এমনটাই জানানো হয়েছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল পেজ থেকে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে অঞ্জন দত্তের মাস্টারক্লাসটি সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। একই দিন আরো একটি মাস্টারক্লাস নেবেন সাংহাইভিত্তিক চলচ্চিত্র পণ্ডিত ও অধ্যাপক ডক্টর শি চুয়ান। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, মাস্টারক্লাসগুলোর রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। উৎসবের ফেসবকু পেজ ও সাইটেই সব নিয়মকানুন দেয়া থাকবে বলেও জানান তিনি।










