আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। সে ভাবনা নিয়েই তারা ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায়। এ সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন দেশের শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি এ দিন স্মরণ করে ১৯৭১-এ অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সে ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ প্রচার হবে বিশেষ নাটক ‘এক কাপ ঠাণ্ডা চা’। মামুনুর রশীদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি দেখা যাবে বিটিভির পর্দায়। ‘এক কাপ ঠাণ্ডা চা’ নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, শারমিন জোহা শশী, সাহারান, শুভাশিষ ভৌমিক, সাঈদ সুমন, আরিফ হোসেন, সুজাত শিমুল ও আপেল আহমেদ।
নাটকটি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এ নাটকে দেখা যাবে মফস্বল শহরের উচ্চ ডিগ্রিধারী নয় এমন একজন জনপ্রিয় ডাক্তার। স্ত্রী, কন্যা ও এক কম্পাউন্ডারকে নিয়েই তার যাপিত জীবন। সে সরকারি চাকরি করলেও গ্রামে ঘুরেঘুরে রোগীদের চিকিৎসা দেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সে অনেক আহত মানুষের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। তার এ তৎপরতার সংবাদ পাকসেনারা জানতে পারলেও সে আত্মবিশ্বাসে বলীয়ান ছিল যে পাকবাহিনী তাকে হত্যা করবে না। কারণ সে একজন চিকিৎসক। ভাগ্যের নির্মম পরিহাস ১৪ ডিসেম্বর দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন পাকসেনা ও তাদের দোসররা তাকে ধরে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। সকালে যে চায়ের কাপটিতে তাকে চা দেয়া হয়েছিল তা ঠাণ্ডা হয়ে বাহান্নটি বছর কেটে গেছে। এরই মধ্যে তার স্ত্রী গত হয়েছেন, মেয়ে বৃদ্ধা হয়েছে, তার শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীর জল শুকিয়ে সরু হয়ে গেছে। কিন্তু থেমে থাকে না কোনো কিছুই। চা ঠাণ্ডা হয়, তবুও পৃথিবীর কর্মচঞ্চলতা থামে না।
এছাড়া বুদ্ধিজীবী দিবসে বিটিভিতে প্রচার হবে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান ‘বুদ্ধিজীবী হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।










