কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বছরজুড়েই নতুন সিনেমা নিয়ে আসেন এ অভিনেত্রী। অভিনয়ের সঙ্গে গানও করেন। সিনেমায়ও গান গেয়েছেন এ অভিনেত্রী। মিমির নিজের ইউটিউব চ্যানেলে রয়েছে তার করা একাধিক মৌলিক গান। নতুন বছরের প্রথম মাসেই নতুন গান নিয়ে আসছেন এ অভিনেত্রী। গানের শিরোনাম ‘ভাল্লাগছে না’। এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাংলাদেশের সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গানটি যৌথভাবে লিখেছেন তাপস ও মিমি। ২৮ জানুয়ারি প্রকাশ পাবে গানটি।

বৃহস্পতিবার ভাল্লাগছে না গানের ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। অভিনেত্রী সামাজিক মাধ্যমে ফার্স্টলুক পোস্টারটি শেয়ার করেছেন। লাল বেনারসি, স্বর্ণের গহনা, শোলার মুকুট পরে নববধূর সাজে দেখা মেলে মিমির। তবে নববধূর বেশে পরিবর্তন এনেছে মিমির হাতের মাইক ও গিটার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে ক্যাপশনে মিমি লিখেছেন, ‘ভাল্লাগছে না এমন একটি কথা, যেটা আমাদের বাঙালিদের জীবনজুড়ে আছে, প্রথম পোস্টারটি রইল আপনাদের জন্য, ২৮ জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।’ পোস্টার পোকাশের আগে থেকেই গানটি নিয়ে প্রচারণা চালিয়েছেন এ অভিনেত্রী। এছাড়া গত বছরের নভেম্বরে ভাল্লাগছে না গানের ৪৩ সেকেন্ডের একটি প্রমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তাপস। সে ভিডিওতে খালি গলায় গানের কিছু অংশ গাইতে শোনা গিয়েছিল মিমিকে। পাশে বসে গিটারে সুর তুলছিলেন তাপস। এটাই তাপসের সঙ্গে মিমির প্রথম কাজ নয়। এর আগে ২০২১ সালে তাপসের প্রতিষ্ঠান টিএম রেকর্ডস থেকে প্রকাশ পেয়েছিল আরফিন রুমির ‘তুই আর আমি’ গানটি।