ডাঙ্কি নিয়ে অনেকেরই নানা প্রশ্ন। এরই মধ্যে সিনেমার চারটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ হয়েছে। এতে আছে একটি টিজার, দুটি গান ও ট্রেলার। অবশ্য এগুলোকে ‘ড্রপ’ নাম দিয়ে প্রকাশ করা হচ্ছে। সে হিসেবে চারটি ড্রপ প্রকাশ হয়েছে। এর বাইরে সিনেমা নিয়ে দর্শকের আছে আগ্রহ। ডাঙ্কি আসলে কী এবং এ দিয়ে কী বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তা জানতে চান সবাই। তাই এখন ডাঙ্কির কিছু বিষয়ের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছেন খোদ শাহরুখ খান। তিনি জানালেন ডাঙ্কির অর্থ।
চারটি ড্রপের পর শাহরুখ এবার আনছেন ডাঙ্কির সবচেয়ে রোমান্টিক গান ‘ও মাহি’। গতকাল তিনি এ গানের একটি অংশ পোস্ট করে টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সবাই ডাঙ্কির মানেটা জানতে চায়। সবাই জানতে চায় তাই বলছি, ডাঙ্কি মানে হচ্ছে সবার কাছ থেকে দূরে থাকা। আর সবার সঙ্গে থাকলে মনে হয় কেয়ামত পর্যন্তই একসঙ্গে থাকি। ও মাহি, ও মাহি। সূর্যাস্ত পর্যন্ত ভালোবাসা অনুভব করে যান।’
মূলত শাহরুখ এ কথা দিয়ে গানটাকেই প্রমোট করলেন। তবে ডাঙ্কির আরেকটা অর্থ আছে। পাঞ্জাব থেকে বহু ভারতীয় কানাডা যাওয়ার চেষ্টা করে অবৈধ উপায়ে। এ সময় তারা সমুদ্র, পাহাড় ও মরুভূমি পাড়ি দেয়। এদের বলা হয় ডাঙ্কি। নানা সময় তারা এভাবে অবৈধ পথে চলতে গিয়ে মারাও পড়ে, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই কারো। সে গল্পই নিয়ে আসছেন শাহরুখ ও রাজকুমার হিরানী।
শাহরুখ আরো জানিয়েছেন ‘ও মাহি’ তার অন্যতম প্রিয় গান এ সিনেমার। শাহরুখ আগেও একবার বলেছিলেন, ‘বহুদিন পর আমি একটা সিনেমায় রোমান্স করছি।’ ও মাহি ডাঙ্কির সে রোমান্টিক ট্র্যাক।
ডাঙ্কি নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এরই মধ্যে। সিনেমাটি প্রতিযোগিতা করছে প্রশান্ত নীল পরিচালিত সিনেমা ‘সালার’-এর সঙ্গে। এ সিনেমায় অভিনয় করছেন প্রভাস ও পৃথ্বীরাজ। সালার ও ডাঙ্কি উভয়ের ট্রেলার প্রকাশের পর দর্শক মহলে নতুন একটি কথা হচ্ছিল। সালারের সামনে ডাঙ্কি টিকবে না। কিন্তু গতকালই খবর এসেছে সিনেমাটি ডিস্ট্রিবিউটরদের দেখানো হয়েছে এবং তারা ডাঙ্কি নিয়ে আশাবাদী। কমবেশি সবাই বলছেন সিনেমাটি রাজকুমার হিরানীর অন্যান্য সিনেমার মতোই হাসাবে, কাঁদাবে ও ভাবতে বাধ্য করবে। অনেকে আবার বলছেন এ নিছকই শাহরুখ খানের পিআর টিমের প্রচারণা।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










