বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে চিত্রপ্রদর্শনী ‘এক্সপ্যান্ডেড’। দৃকপাঠ ভবনে ১৯ আগস্ট প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালার চেয়ারপারসন শহিদুল আলম, ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রধান খ ম হারুন আল রশিদ। প্রদর্শনীতে দক্ষিণ এশিয়ার আটজন উদীয়মান ফটোগ্রাফারের কাজ প্রদর্শন করা হচ্ছে। সেভেন একাডেমি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সমন্বয়ে এক বছরব্যাপী মেন্টরশিপ প্রোগ্রামের অধীনে এ ফটোগ্রাফিগুলো করা হয়েছে। প্রদর্শনীর আটজন ফটোগ্রাফারদের মধ্যে রয়েছেন ঢাকা থেকে মেহবুবা মাহজাবীন হাসান, যশোর থেকে হাদি উদ্দিন, নিউ দিল্লি থেকে মায়াঙ্ক মাখিজা, লাহোর থেকে নাদ-ই-আলি, কলকাতা থেকে রিতি সেনগুপ্ত, কলম্বো থেকে তাভিস গুণসেনা, কাঠমান্ডু থেকে উমা বিস্তা ও ভূপাল থেকে ভামিকা জৈন।

এক বছরব্যাপী এ মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স লিডার ছিলেন সরকার প্রতীক এবং মেন্টর হিসেবে আরো ছিলেন সেভেন অ্যাকাডেমির নরওয়ে থেকে লিন্ডা বোর্নেন এঙ্গেলবার্থ ও ফ্রান্স থেকে স্টেফানো ডে লুইগি। কোর্সটি জুমের মাধ্যমে অনলাইনে পরিচালনার পাশাপাশি নারী ও পুরুষদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

কিউরেটর সরকার প্রতীক বলেন, ‘এই মেন্টরশিপ প্রোগ্রামের উদ্দেশ ছিল সাউথ এশিয়ার ইয়াং ভয়েসদের খুঁজে আনা। কারণ তারা কীভাবে ফটোগ্রাফি নিয়ে ভাবছে ও কাজ করছে, সেগুলো সবসময় মেইনস্ট্রিম মিডিয়াগুলোয় পৌঁছায় না।’ কিউরেটর শামসুল আলম হেলাল বলেন, ‘আমাদের এ প্রদর্শনীর প্রধান চ্যালেঞ্জ ছিল কীভাবে প্রদর্শনীটিকে মানুষের কাছে রিডেবল করা যায় এবং কীভাবে তাদের সঙ্গে সংযোগ ঘটানো যায়।’

নেপালের উমা বিস্তা নারীদের নিয়ে কাজ করেন। তিনি বলেন, ‘প্রদর্শনীতে আমার কাজের গল্পগুলো সে নারীদের নিয়ে, যারা সংগ্রামে পরাজিত হয়নি।’ প্যান্ডেমিকের সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায় ছবির মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়িয়েছে। ভামিকা জৈন তার কাজের মাধ্যমে দেখাতে চেয়েছেন সোশ্যাল মিডিয়ার ছবিগুলো কীভাবে ফটোগ্রাফি মিডিয়ামটাকে ভিন্ন আকৃতিতে দেখাচ্ছে মানুষের কাছে।

রিতি সেনগুপ্ত তার ছবির মাধ্যমে সেসব প্রকাশ করতে চান, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

হাদি উদ্দিন আবার মানুষের জীবন বাস্তবতা, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করার বিষয়টি ধরতে চেয়েছেন। তার ছবিতে আম্ফান, ইয়াশ উঠে এসেছে। তিনি বলেন, ‘আমার প্লান ছিল এ বন্যা এবং বিগত সব ঝড় ও বন্যার ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হয় মানুষের, সেগুলোকে ডকুমেন্ট করা।’

লকডাউনের কারণে মানুষের ডিপ্রেশন শুরু হয়। মেহবুবা মাহজাবীন হাসান নিজের ডিপ্রেশন নিয়ে ফটোগ্রাফিতে কাজ করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি জানি, দর্শকরা আমার কাজের সঙ্গে ভালোভাবে রিলেট করতে পারবে। আমি যা আমি সেটাই, আমার ভেতরটা দেখো, বাইরেরটা না।’

প্রদর্শনীর পাশাপাশি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে চলছে ফটো উইক, যার সমাপ্তি আজ।

 

লেখা ও ছবি: সুকান্ত কুমার