পেশায় ব্যাংকার হলেও নিয়মিত অভিনয় করেন আজম খান। টেলিভিশন নাটকের পরিচিত মুখ তিনি। প্রতি বছর ঈদে বেশকিছু নাটকে তাকে দেখা যায়। এবারো কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তবে এ বছর আছে একটি নতুন খবর। ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা একটি সিনেমায়ও অভিনয় করছেন আজম খান। মিশুক মনি পরিচালিত সিনেমাটির নাম ‘‌দেয়ালের দেশ’। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। 

সিনেমার মুক্তি ও ঈদের নাটক নিয়ে ব্যস্ত আজম খান। ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘আসলে সারা বছরই ব্যস্ততা থাকে। এ বছর কাজ জানুয়ারি থেকেই শুরু করেছি। ঈদের নাটকেরই কাজ সেসব। কিছু কাজ জমে থাকে। সেসব ঈদের কাছাকাছি সময়ে ব্যস্ততা বাড়ে। রোজার মধ্যে প্রায় প্রতিদিনই বেশ রাত্রি পর্যন্ত শুটিং করলাম।’

বিভিন্ন ধরনের নাটকে অভিনয় করছেন আজম খান। তিনি বলেন, ‘মূলত এক ঘণ্টার নাটকই বেশি। আর সব কেবল টেলিভিশনের জন্য নয়। কিছু আছে টেলিভিশন চ্যানেলের জন্য আর কিছু আছে অনলাইনের জন্য। এছাড়া সাত পর্বের দুটো ধারাবাহিকে কাজ করেছি এবার। দুটো আলাদা টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটক দুটি।’

ঈদের নাটকের বাইরেও সারা বছর অন্যান্য নাটকে অভিনয় করেছেন আজম খান। তবে এখন ঈদ বলে ঈদের নাটকেই বেশি ব্যস্ত। এর মধ্যে আছে জুয়েল হাসানের ‘কাজের মেয়ে’, শেখ নাজমুল হুদা ইমনের ‘পেট পাতলা’, চয়নিকা চৌধুরীর ‘প্রহর শেষে’ ও ‘রেসিপি অব লাভ’, আরমান রহমানের ‘শুকনো পাতার ভালোবাসা’, সানজিদ খান প্রিন্সের ‘ভাই একটু বাড়ায়া কয়’, সহিদ উন নবীর ‘ইয়েস বস’, অনিরুদ্ধ রাসেলের ‘ব্র্যান্ড নিউ জামাই’, নাসিম সাহনিকের ‘প্রেমিকা এখন গার্লস হোস্টেলে’, স্বপন বিশ্বাসের ‘ভুল থেকে যায়’, স্বরাজ দেবের ‘সন্ধ্যা নামার আগে’, রাইসুল তমালের ‘তোমার জন্য মায়া হয়’, সহিদ উন নবীর ধারাবাহিক ‘আলাল আর দুলাল’। এছাড়া থাকছে রুবেল আনুশ ও মাইদুল রাকিবের দুটি নাটক।

এত নাটকের মধ্যে কোন চরিত্রটি আজম খানের ভালো লেগেছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্মাতারা সবসময় আমাকে বাবা হিসেবেই দেখতে চান। বেশির ভাগ ক্ষেত্রে বাবার চরিত্রেই অভিনয় করি। এবারের অধিকাংশ নাটকেই বাবা চরিত্রে বেশি কাজ করেছি। তবে দুটো কাজ একটু ভিন্ন। একটি টেলিফিল্ম। নাম প্রেমিকা এখন গার্লস হোস্টেলে। তো গার্লস হোস্টেলের গল্প আর আমি অভিনয় করেছি হোস্টেলের ম্যানেজার চরিত্রে। বিষয়টা এমন যে ওখানকার মেয়েরা যত রকম অভাব অভিযোগ আমার কাছে করে। কোনো ভুল হলে দায় আমার, দোষও আমার। সমস্যা সমাধান না করলে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। কিন্তু অন্যদিকে তারা ভরসাও করে। একটা অভিভাবকসুলভ বিষয় সেখানে কাজ করে। দুই রকম বিষয় আরকি।’

এছাড়া আরো একটি নাটকের নাম করেছেন আজম খান। আলাল আর দুলাল। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘আলাল ও দুলাল হলো মামা-ভাগ্নে। তারা দুজনই ব্যাচেলর। তারা বাসা ভাড়া নিতে আসে আমার কাছে, আমি বাড়িওয়ালা। তো এ আলাল আর দুলাল নানা অপকর্ম করে। ওখানেও আমি বাবা চরিত্রেই আছি। তবে নাটকটা ইন্টারেস্টিং। একটা ভালো টার্নিং পয়েন্ট আছে এ নাটকে।’

এছাড়া দেয়ালের দেশ সিনেমাটি নিয়েও আশাবাদী আজম খান। নির্মাতা মিশুক মনি বেশ যত্ন করে এটি নির্মাণ করেছেন বলে মনে করেন আজম খান। এ সিনেমা ছাড়াও তার হাতে আছে ‘নন্দিনী’ ও ‘সংযোগ’ নামের দুটি সিনেমা। প্রতিদিনের পেশাগত ব্যস্ততার পাশাপাশি অভিনয় করে যাচ্ছেন।