বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই সিনেমার পর্দায় মুক্তিযুদ্ধের ঘটনা উঠে আসে বারবার। সে ধারাবাহিকতায় ফাখরুল আরেফীন খান নির্মাণ করেছেন ‘জেকে ১৯৭১’ সিনেমাটি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি আজ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার করা হবে। বিটিভির বেলা ২টার বাংলা সংবাদের পর সিনেমাটি দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

মুক্তিযুদ্ধের সঙ্গে মিশে আছে জানা অজানা হাজারো গল্প, যার বড় একটি অংশজুড়েই আছে মানবিকতা। যুদ্ধ চলাকালীন শরণার্থী শিবিরে থাকা শিশুদের জন্য নিজের জীবন বাজি রাখা ফরাসি যুবক জ্যঁ ক্যুয়ের ঘটনা এখনো অনেকের অজানা। এ সত্য ঘটনা অবলম্বনে ফাখরুল আরেফীন খান নির্মাণ করেছেন দেশের প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’। সিনেমাটি ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে।

সিনেমাটি নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত। আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো সিনেমা নেই। আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, এছাড়া অনেক যুদ্ধের সিনেমা দেখতে পারি, যেগুলো বিশ্বব্যাপী মানুষ দেখতে পায়। সে হিসেবে জেকে ১৯৭১ সিনেমাটি বিশ্বব্যাপী মানুষ দেখার সুযোগ পেয়েছে। বাংলাদেশের যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হয়েছিল মানবিকতার জায়গা থেকে। আমাদের দেশের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, এমন একটি তরুণের যুদ্ধের গল্প এটা। আমাদের দেশের মানুষের জন্য সংগ্রাম করে তাকে জেলের ভেতরে থাকতে হয়। তার আত্মত্যাগ নিয়ে বাংলাদেশের প্রথম সিনেমা নির্মাণ করা হয়েছে।’

জেকে ১৯৭১ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শুভ্র সৌরভ দাশ। পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রজিৎ। জেকে ১৯৭১ সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, নিকোলাই প্রমুখ।

গত বছর ৩ মার্চ মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর দর্শকমহলে সাড়া জাগিয়েছিল এটি। এছাড়া আন্তর্জাতিক মহলেও সমাদর পেয়েছে জেকে ১৯৭১। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ অডিয়েন্স পুরস্কার জিতেছে ফাখরুল আরেফীন খান পরিচালিত জেকে ১৯৭১। আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। জেকে ১৯৭১ এরই মধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার।