লিয়াকত আলী লাকী পরিচালিত দর্শকনন্দিত নাটক ‘তপস্বী ও তরঙ্গিনী’। বুদ্ধদেব বসু রচিত নাটকটি নতুন করে আবারো মঞ্চস্থ হচ্ছে গত বছর থেকে। এরই মধ্যে দেশের বাইরে আমেরিকায় গিয়েছিলেন এ নাটকের শিল্পীরা। সেখানে নাটকটির মঞ্চায়ন বেশ প্রশংসা কুড়িয়েছে, বিশেষত তরঙ্গিনী চরিত্রে মিলির অভিনয়। শুধু দেশের বাইরেই নয়, দেশেও এ নাটকের মঞ্চায়ন বারবার প্রশংসা কুড়াচ্ছে।
২৩ জানুয়ারি কলকাতায় কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের আয়োজনে বাংলাদেশের নাট্যদলের নাটক নিয়ে ‘পুবের নবনাট্য’ শিরোনামের নাট্যোৎসব শুরু হচ্ছে। উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সেখানে প্রথম দিনই থাকছে অভিনেত্রী ফারহানা মিলি অভিনীত ‘তপস্বী ও তরঙ্গিণী’র দুটি প্রদর্শনী। কলকাতার সেন্ট্রাল পার্ক স্টেট ব্যাংকের পাশে তাপস সেন কুমার রায় নাট্যভবনে প্রথম প্রদর্শনী হবে বেলা ৩টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। উৎসবে অংশ নিতে ২২ জানুয়ারি কলকাতা যাবেন মিলি।
এ নিয়ে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় লিয়াকত আলী লাকী স্যারের অনুপ্রেরণায় আবারো মঞ্চে আমি নিয়মিত হয়েছি। তপস্বী ও তরঙ্গিনী নাটকটি নতুন করে আমার ভেতর মঞ্চের প্রতি ভালোবাসা জাগিয়েছে, আমি আবার নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি, এটা সত্যি। আমি এটাও অনুভব করি যে মঞ্চটা আসলে আমার একান্ত ভালো লাগার জায়গা। লাকী স্যারের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি যুক্তরাষ্ট্র সফরের মতো কলকাতা সফরও সফল হবে।’ মিলি ছাড়াও তপস্বী ও তরঙ্গিনী নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রুবেল শঙ্কর, স্বদেশ রঞ্জন দাশগুপ্ত, আবু বকর বকশী, মাসুদ সুমন, অঙ্কিত বিপুলসহ আরো অনেকে।