অবশেষে পৌরাণিক নায়কের বেশেই ফিরলেন প্রভাস। বাহুবলীর পর ভারতে আবার তৈরি হয়েছে তাকে নিয়ে প্রশংসা। আর এর কেন্দ্রে আছে তার নতুন সিনেমা। ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’। প্রথম দিনই সিনেমাটি আয় করে ৯৫ কোটি রুপি। সিনেমাটিতে প্রভাস ছাড়াও পৃথ্বীরাজ সুকুমার, শ্রুতি হাসান ও জগপতি বাবু অভিনয় করেছেন। কিন্তু আলোচনার কেন্দ্র মূলত প্রভাস। কেননা বহুদিন পর ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিলেন তিনি।
মুক্তির প্রথম দিনের আয়ে বহু রেকর্ড ভেঙেছে সালার। এ বছরের অ্যানিমেল, পাঠান, জাওয়ান ও লিও পিছিয়ে পড়ে সালারের কাছে। প্রথম দিনই বক্স অফিস কালেকশনে এ মুভি আয় করেছে ৯৫ কোটি রুপি। আর বিশ্বজুড়ে আয় করে নিয়েছে ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটি নিয়ে দর্শকও ইতিবাচক কথাই বলছেন। প্রভাস তার আগের কয়েকটি সিনেমার ব্যর্থতা এই এক সিনেমা দিয়েই পুষিয়ে দিলেন।
দক্ষিণী এ সুপারস্টারের শেষ কয়েকটি মুভি তেমন দর্শকপ্রিয়তা পায়নি। বক্স অফিসেও ঝড় তুলতে পারেনি। প্রভাসের পূর্বের তিনটি মুভি ‘সাহো’, ‘রাধে-শ্যাম’ ও ‘আদিপুরুষ’ বক্স অফিসে প্রবলভাবে ব্যর্থ। এর মধ্যে আদিপুরুষ যদিও প্রথম দিন প্রায় ৮৬ কোটি রুপি আয় করেছিল, কিন্তু পরে হয়েছে সমালোচিত। সাহোর প্রথম দিনের আয় ভালো ছিল, এরপর আর দর্শক পছন্দ করেনি। ৩৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত রাধে-শ্যাম খরচই তুলতে পারেনি। পরপর তিনটি ব্যর্থ সিনেমার পর এবার সালার দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হলো প্রভাসের। ২৪ ডিসেম্বর পর্যন্ত সালার বিশ্বব্যাপী ৪০২ কোটি রুপি আয় করেছে।
সিনেমাটিতে দেব বা সালার চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ভারধরাজা মান্নার চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবুকে রাজামান্নার চরিত্রে দেখা যাচ্ছে ও শ্রুতি হাসান আছেন আদ্যা ভূমিকায়। ‘সালার: পার্ট ওয়ান’ তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড়সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে।
প্রভাসের প্রত্যাবর্তন আরো ভালো হয়েছে, কেননা তিনি শাহরুখ খানের সিনেমাকেও বক্স অফিসে পেছনে ফেলে দিয়েছেন। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত"‘ডাঙ্কি’। মুক্তির তিনদিনে সিনেমাটি আয় করেছে ১০৩ কোটি রুপি। সালার মুক্তির প্রথম দিনই ডাঙ্কিকে ছাড়িয়ে গেছে। ভারতীয় প্রেক্ষাগৃহে এখন সালারের দর্শক বেশি ডাঙ্কির চেয়ে। সে হিসেবে এ সিনেমা দিয়েই প্রভাসের ক্যারিয়ারের মোড় আরো বদলে গেল।
সালারের সাফল্যের নানা কারণ আছে। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা ও দি ইন্ডিয়ান এক্সপ্রেসই বলছে, ‘দক্ষিণী তারকাদের সিনেমার জন্য তেমন কোনো প্রচারণা লাগে না। প্রিয় তারকার সিনেমা মুক্তি পেলে দক্ষিণ ভারতের দর্শক দলে দলে ভিড় করেন প্রেক্ষাগৃহে। ফলে ব্যতিক্রম নয় সালারও। সিনেমাটি সবচেয়ে বেশি আয় করেছে ভারতের দক্ষিণাঞ্চল থেকে, যেখানে অনেকটাই পিছিয়ে গেছে ডাঙ্কি। এমনিতেই দক্ষিণ ভারত থেকে হিন্দি সিনেমা সেভাবে আয় করতে পারে না। একই সঙ্গে যখন দক্ষিণী নায়ক ও নির্মাতার সিনেমা সালার, স্বভাবতই দর্শক এ ছবিকেই বেছে নিয়েছেন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










