বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ‘‌ডাঙ্কি’। বহুল প্রতীক্ষিত সিনেমা এটি। অভিনয় করেছেন শাহরুখ খান, তাপসী পান্নু, বোমান ইরানি ও ভিকি কৌশল। ডাঙ্কি নিয়ে নানা কথা হচ্ছে অনেকদিন ধরে। কিন্তু ভিকি এ সিনেমায় অভিনয় করছেন তা জানা যায় সিনেমার ড্রপ ওয়ানে। এরপর থেকেই দর্শক ভিকির সুখী নামক চরিত্রটির জন্য অপেক্ষা করছে। এদিকে শাহরুখ খান সিনেমাটির প্রচার করছেন নিজস্ব স্টাইলে। এর মধ্যে সিনেমার প্রচারে একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তিনি হিরানী, তাপসী ও ভিকি কৌশলের ভূয়সী প্রশংসা করেন। 

শাহরুখের মতে ভিকি এ সময়ের সেরা অভিনেতাদের মধ্যে একজন। ভিকি কৌশল সম্পর্কে শাহরুখ বলেন, ‘ভিকি আমার চমৎকার এক বন্ধু। আমি ব্যক্তিগতভাবে মনে করি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ভিকি এ সময়ের সেরা অভিনেতাদের একজন। ডাঙ্কি দেখতে গিয়ে আপনারা তার প্রতি ভালোবাসা অনুভব করবেন। সে অসাধারণ কাজ করেছে এবং আমার মনে হয়েছে ভিকির কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার।’

এদিকে রাজকুমার হিরানীর সঙ্গে এই প্রথম সিনেমা করলেন শাহরুখ। কিন্তু সেটা হতে পারত আরো আগে। এখন সবাই জানেন, মুন্নাভাই এমবিবিএসের জন্য প্রথমে শাহরুখের কাছেই গিয়েছিলেন হিরানী। অবশেষে তার সঙ্গে কাজ করছেন শাহরুখ। হিরানী সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দেশের সেরা পরিচালকদের মধ্যে তিনি একজন। আমরা তাকে ভালোবাসি, সম্মান করি। তিনি সিনেমার মাধ্যমে আমাদের যে ভালোবাসা দেন তা তাকে ফিরিয়ে দেয়া আমাদেরই দায়িত্ব।’

ডাঙ্কিতে অনেক কিছুই প্রথমবারের মতো হচ্ছে। হিরানীর পরিচালনায় শাহরুখের অভিনয়ের পাশাপাশি এ সিনেমার মাধ্যমে তাপসী পান্নুর সঙ্গেও প্রথমবারের মতো অভিনয় করেছেন শাহরুখ। তাপসীকে নিয়ে তিনি বলেন, ‘তাপসীও অসাধারণ একজন অভিনেত্রী। ওর নাম আমাকে পনিরের কথা মনে করিয়ে দেয়। পান্নু, পনির। আবারো বলি, সে অসাধারণ একজন অভিনেত্রী ও সহকর্মী।’

ডাঙ্কি নিয়ে নানাভাবেই প্রচারণা চালাচ্ছেন শাহরুখ। সিনেমাটি সফল হলে এক বছরে তিনটি সিনেমা ব্লকবাস্টার হওয়ার দুর্লভ গৌরব লাভ করবেন শাহরুখ খান। তবে শেষ সময়ে এসে এটি নিয়ে আলোচনা তুলনামূলক কমে গেছে বলে মনে হচ্ছে। অবশ্য সিনেমা বিশ্লেষকদের ধারণা, জওয়ান বা পাঠানের মতো শুরুতেই তুমুল আয় করবে না ডাঙ্কি। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহ থেকে প্রথম সপ্তাহের তুলনায় ভালো আয় করবে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস