ভারতের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এর ১৫তম আসর শেষ হলো শুক্রবার। আরো একটি এপিসোড সঞ্চালক হিসেবে শেষ করেছেন অমিতাভ বাচ্চন। দীর্ঘ ২৩ বছর তিনি অনুষ্ঠানটির এ দায়িত্ব পালন করে এসেছেন। অনুষ্ঠানের শেষ পর্বে সিজনের শেষ বক্তব্য দিতে গিয়ে অনেক বেশি আবেগী হয়ে পড়েন বিগ বি। কিংবদন্তি তারকাকে অশ্রুসিক্ত দেখে অনেকেই ভেবেছিলেন যে তিনি শো থেকে অবসর নিচ্ছেন কিনা এবং তাই সত্য হলো।
অনুষ্ঠানটির সিজন ১৫ শুরু হয়েছিল গত আগস্ট থেকে। চূড়ান্ত এপিসোডের শেষ পর্যায়ে বিগ বির বেশকিছু আবেগঘন মুহূর্ত পর্দায় দেখানো হয়। যেগুলো ছিল অনুষ্ঠানকে ঘিরে। যার কিছু অংশ সোস্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে। কেবিসিতে অমিতাভের যাত্রা দীর্ঘ। সে যাত্রার একটি ভিডিও পর্দায় দেখানো হয়, যে ভিডিও বার্তার মাধ্যমে তিনি বিদায় নিয়েছেন। ভিডিওতে বিগ বি বলেন, সবার সামনে এসে তিনি বিদায় নিতে পারতেন না। তাকে আর এ মঞ্চে দেখা যাবে না কথাটি সবার সামনে এসে বলার সাহস হচ্ছিল না এবং তার ইচ্ছেও হয়নি। তিনি অনেক বেশি আবেগী হয়ে পড়েছিলেন এবং অনেক দর্শকই ভিডিওটি দেখে ভেবেছিলেন হয়তোবা সিজন ১৫-কে বিদায় জানিয়ে সিজন ১৬-এর মাধ্যমে প্রত্যাবর্তন করবেন অমিতাভ। কিন্তু তা কেবল ভক্তদের ভাবনাই ছিল। এরপর শো শেষে বিগ বি বিদায় জানান এই বলে, ‘শেষবারের মতো আমি অমিতাভ বাচ্চন এ মঞ্চ থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। শুভরাত্রি।’
এর মধ্য দিয়েই অমিতাভ ভারতের দীর্ঘতম চলমান কুইজ শোয়ের সঞ্চলক হিসেবে তার কয়েক দশকের যাত্রা শেষ করেছেন। মূলত কৌন বনেগা ক্রোড়পতির মূল আকর্ষণ ছিলেন অমিতাভ বচ্চন। তিনি গেম শো উপস্থাপনার ধারা বদলে দিয়েছিলেন। প্রতিযোগীদের সঙ্গে তার কথোপকথন, সবকিছুকে সহজ করে নেয়া ও বিভিন্ন মজার বিষয় এ শোকে জনপ্রিয় করেছিল।
সূত্র: ইয়ন










